১৪ বছরের বালক গভর্নর পদে লড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

ভোট দেওয়ার অধিকার না থাকলে কী হবে, রীতিমতো নির্বাচনে দাঁড়িয়ে গেছে আমেরিকার এক কিশোর। কেননা, সে পরিবর্তন চায়। অন্য প্রার্থীদের প্রতি আস্থা নেই তার। আমাদের দেশের কিশোরদের কি প্রচলিত ব্যবস্থার ওপর আস্থা ছিল? সড়ক-নৈরাজ্যে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসা স্কুল-কলেজের শিক্ষার্থীদের দেখে কিন্তু তা মনে হয়নি। মনে হয়েছে, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ যেন বিস্ফোরিত হয়েছে। তবে এ বিস্ফোরণ ধ্বংসাত্মক নয়, সুন্দর-সাবলীল।

দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, ভোটাধিকার না থাকলেও আইনত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধার মুখে পড়বে না আমেরিকার ভারমন্টের বাসিন্দা ইথান সানবর্ন। ১৪ বছরের ইথান ভারমন্টের গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য লড়ছে। নির্বাচনে তার হয়ে কাজ করছে তারই দুই বন্ধু। ওরাও ইথেনের সমবয়সী।

আমেরিকার বেশির ভাগ রাজ্যে যেমন আছে, ভারমন্টে গভর্নর প্রার্থীদের জন্য সেভাবে বয়সসীমা বেঁধে দেওয়া নেই। শুধু স্থায়ী বাসিন্দা হতে হবে। ইথান জন্ম থেকেই এখানে আছে। ফলে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার কোনো বাধা নেই।

গত বছরের আগস্ট মাসে ইথান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়। সে এ কথা তার বাবা-মাকে জানালে তাঁরা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করে জানতে পারেন, আইনত কোনো বাধা নেই। শুধু ইথানের বাবা-মায়ের সম্মতিপত্র এবং কিছু লোকের স্বাক্ষর লাগবে। বাবা-মা তাকে সম্মতি দেন। এরপর প্রয়োজনীয়সংখ্যক স্বাক্ষরও জোগাড় হয়ে যায়।

কিন্তু ইথান কি সত্যিই মনোনয়ন পাবে? কম বয়স একটা সমস্যা। পাশাপাশি তাকে খুব কম লোকেই চেনে। বেশির ভাগ লোকই মনে করে, এই বয়সে এ পদে কাজ করার যোগ্যতা অর্জন করা সম্ভব নয়।

পার্কল্যান্ডের স্কুলে হামলার ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের আরও সক্রিয় হওয়া উচিত।

তবে মনোনয়নপ্রত্যাশী ‘কিশোর’ কিন্তু ইথান একা নয়; ভারমন্টেই ১৬ বছর বয়সী ফিনিয়ান বোর্ডম্যান অ্যাবি স্টেট সিনেটের জন্য লড়ছে। কানসাসেও বেশ কয়েকজন কিশোর গভর্নর মনোনয়নের জন্য লড়ছে। কিশোরদের এ উদ্যোগ দেশটির গণমাধ্যমেরও দৃষ্টি কেড়েছে।

ইথানকে যদি জিজ্ঞেস করা হয়, ‘তুমি কেন নির্বাচন করছ?’ সে উত্তর দেবে, ‘জেতার জন্য।’ সে চায় অল্পবয়সীরা রাজনীতিতে আসুক। সে বলে, ‘আমাদের ভবিষ্যৎ নির্মাণের ভার আমাদেরই হাতে। আমরা যেসব পরিবর্তন চাই, সেগুলো আমাদেরই শুরু করতে হবে। রাজনীতিতে আমরা নিজেরা অংশগ্রহণ করলেই গণতন্ত্র আরও শক্তিশালী হবে।’