১৫টি ই-মেইল হস্তান্তর করেননি হিলারি!
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর দায়িত্ব পালনকালে পাওয়া অন্তত ১৫টি ই-মেইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেননি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এই অভিযোগ তুলেছে। খবর রয়টার্সের।
এর আগে হিলারি ক্লিনটনের পক্ষ থেকে বলা হয়েছিল, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি ৩০ হাজার ই-মেইল পান। এর সব কটি ব্যক্তিগত সার্ভার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিন্তু হিলারির পুরোনো বন্ধু ও তাঁর অনানুষ্ঠানিক উপদেষ্টা সিডনি ব্লুমেনথাল মার্কিন আইনপ্রণেতাদের কাছে কয়েকটি অপ্রকাশিত ই-মেইল হস্তান্তর করেছেন। এসব ই-মেইল ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলার প্রেক্ষাপটে হিলারিকে পাঠানো হয়েছিল। অপ্রকাশিত এসব ই-মেইল হস্তান্তরের পরই পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ তুলল। মন্ত্রণালয় বলছে, হিলারি ই-মেইল হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করেননি।
তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে হিলারির মুখপাত্র নিক মেরিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান, প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী হিলারি ব্লুমেনথালের কাছ থেকে যত ই-মেইল পেয়েছিলেন, সবই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সোপর্দ করেছেন।