১৮ বছর পর পাওয়া গেল হারানো 'নবজাতক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামিয়া মবলি।
কামিয়া মবলি।

১৯৯৮ সালের জুলাই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ইউএফ হেলথ জ্যাকসনভিল হাসপাতালে জন্ম হয় এক নবজাতকের। ষোড়শী মা শানারা মেয়ের নাম রাখেন কামিয়া মবলি। মেয়েকে মাত্র আট ঘণ্টা কাছে পেয়েছিলেন তিনি। এরপর মেয়ের জ্বর হয়েছেৎ​, তার পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে জানিয়ে ওই হাসপাতালের কর্মীর বেশে এক নারী নবজাতকটিকে নিয়ে চলে যান। নবজাতকটি সেই যে লাপাত্তা হলো, দীর্ঘ ১৮ বছর আর খোঁজ মেলেনি। সম্প্রতি তার সন্ধান পাওয়া গেছে। পুরো বিষয়টি উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে।
নবজাতক কামিয়াকে চুরি করা হয়েছে—এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করে। কামিয়ার খোঁজে পুলিশ প্রথম ১৪ ঘণ্টা হাসপাতাল ও আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। প্রতিটি ট্রেন ও বাসে তল্লাশি করা হয়। বিষয়টি জানিয়ে রাখা হয় সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষকেও। কিন্তু তাকে আর পাওয়া যায়নি।
এভাবে কেটে যায় একটি বছর। ওই ঘটনার এক বছর পূর্তির দিন শিশুটির সন্ধান চেয়ে ব্যাপক পোস্টারিং করা হয় জ্যাকসনভিলে। কিন্তু কোনো লাভ হয়নি। একপর্যায়ে শিশুটির সন্ধান দিতে আড়াই লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়। কামিয়া হয়ে ওঠে দেশটির ‘মোস্ট ওয়ান্টেড বেবি’। তবে খোঁজ আর তার মিলছিল না।

অবশেষে দীর্ঘ ১৮ বছর পর কামিয়ার সন্ধান পাওয়া গেল। কীভাবে তাঁর সন্ধান পাওয়া গেল, সে ব্যাপারে গতকাল শুক্রবার জ্যাকসনভিলের শেরিফ মাইক উইলিয়ামস সাংবাদিকদের বলেন, কামিয়ার খোঁজে অনুসন্ধান চলছিলই। কারণ, কর্তৃপক্ষ তাকে খুঁজে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী ছিল। এভাবে অনুসন্ধান চলার একপর্যায়ে ২০১৬ সালে সাউথ ক্যারোলাইনায় কামিয়ার জন্ম তারিখে একটি মেয়ের জন্মদিন পাওয়া যায়। কিন্তু নাম ভিন্ন। তদন্ত কর্মকর্তাদের মনে সন্দেহ দেখা দেয়। তাঁরা মেয়েটির জন্মসনদ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। কাগজপত্র হাতে নিয়েই তাঁরা বুঝতে পারেন, এর সবই ভুয়া। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করা হয়। আর এতেই প্রমাণিত হয়, এই মেয়েই ১৮ বছর আগে চুরি যাওয়া নবজাতক কামিয়া। যিনি তাকে চুরি করেছিলেন, তাঁর কাছেই এত দিন বেড়ে উঠেছে কামিয়া মবলি।

নবজাতক অপহরণের অভিযোগে গ্লোরিয়া উইলিয়ামস (৫১) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় খুব খুশি ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন। সংস্থাটির পক্ষ থেকে এর ব্যবস্থাপক বলেছেন, তাঁরা আশা ছাড়েননি। এর ফল মিলেছে।

ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে কামিয়া মবলির বর্তমান নাম প্রকাশ করা হয়নি বলে জানালেন জ্যাকসনভিলের শেরিফ মাইক উইলিয়ামস।

নবজাতক মেয়েকে হারিয়ে মা শানারা বাচ্চাদের দেখাশোনার চাকরি নিয়েছিলেন। এসব শিশুর মাঝেই তিনি নিজের সন্তানকে খুঁজে ফিরতেন। অবশেষে সত্যি সত্যি মেয়ের খোঁজ পেয়ে স্বভাবতই আনন্দে আত্মহারা হয়েছেন তিনি। বলেছেন, ‘একদিন মেয়েকে খুঁজে পাব, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে আমার।’

এত দিন পর প্রকৃত মা-বাবার খোঁজ পেয়ে কামিয়ার প্রতিক্রিয়া কেমন হলো, সে কথা জানিয়েছে নিউইয়র্ক ডেইলি। তারা বলছে, কামিয়া তাঁর মা-বাবা ও দাদির সঙ্গে ফেসটাইমের মাধ্যমে কথা বলেছেন। স্বজনদের সঙ্গে কামিয়া মবলি এমনভাবে কথা বলছিলেন, যেন অনেক দিন ধরেই তাঁদের ধরে সবাইকে চেনেন তিনি।