১৯ পদে ৪৩টি মনোনয়নপত্র বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর সিলেটবাসীদের সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার আসন্ন নির্বাচনে কার্যকরী পরিষদের ১৯টি পদের বিপরীতে ৪৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এসব মনোনয়নপত্র বিক্রি বাবদ নির্বাচন কমিশনের আয় হয়েছে ৬ হাজার ৪৫০ ডলার।

২২ সেপ্টেম্বর ছিল নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির দিন। এবার অ্যাসোসিয়েশনের ভোটার হয়েছেন ২ হাজার ৮৭৩ জন। এ ছাড়া আরও ৪১৪ জন আজীবন সদস্য রয়েছেন। আগামী ২৭ অক্টোবর রোববার ২০১৯-২১ সালের জন্য এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমেদ চৌধুরী এসব তথ্য জানিয়ে বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রির দিন ছিল ২২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র গ্রহণ ২৯ সেপ্টেম্বর (সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা), মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ আগামী ২ অক্টোবর (সন্ধ্যা সাতটার মধ্যে)। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর রোববার।

সভাপতি পদের মনোনয়নপত্র ক্রয় ফি দুই হাজার ডলার, সহসভাপতি পদের মনোনয়নপত্র ফি এক হাজার ৫০০ ডলার, সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র ফি এক হাজার ৭০০ ডলার, সম্পাদক পদের মনোনয়নপত্র ফি এক হাজার ১০০ ডলার এবং নির্বাহী সদস্য পদের মনোনয়নপত্র ফি ৪০০ ডলার ধার্য করা হয়। এসব ফি অফেরত যোগ্য।

অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—যথাক্রমে আহমেদ এ হাকিম (সিলেট), আনোয়ার চৌধুরী (মৌলভীবাজার), ইকবাল আহমদ মাহবুব (সুনামগঞ্জ) ও সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ (হবিগঞ্জ)।