২০ জুন জর্জিয়ায় 'বিশেষ নির্বাচন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার ৬ নম্বর নির্বাচনী কেন্দ্রে যে দুজন প্রার্থী ‘বিশেষ নির্বাচনে’ মুখোমুখি হচ্ছেন তাঁদের একজন ডেমোক্রেটিক প্রার্থী জন অসফ, অন্যজন ডোনাল্ড ট্রাম্প। যদিও ব্যালটে তাঁর নাম নেই। রিপাবলিকান প্রার্থী ক্যারেন হ্যান্ডেলকে শুধু নিজের নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ নিয়ে লড়তে হচ্ছে। চূড়ান্ত ফলাফল কী হবে, তা এখন বলা মুশকিল। তবে এ মুহূর্তে জন অসফ ৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন।

কংগ্রেসম্যান টম প্রাইস ট্রাম্পের মন্ত্রিসভায় যোগ দেওয়ার ফলে এই আসনটি শূন্য হয়। রিপাবলিকানদের জন্য অত্যন্ত নিরাপদ হিসেবে বিবেচিত এই আসনে প্রাইস প্রায় ২০ শতাংশ ভোটে জিতেছিলেন। হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ট্রাম্প অবশ্য সামান্য ব্যবধানে জিতে যান। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চার মাস পেরিয়ে যাওয়ার পর, এই আসন হাতবদলের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। ডেমোক্র্যাটরা আশা করছে, জর্জিয়ার এই বিশেষ নির্বাচন থেকেই শুরু হবে তাঁদের ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার ক্যাম্পেইন।

১৮ এপ্রিল এই আসনে প্রথম দফা নির্বাচনে প্রামাণ্যচিত্র পরিচালক ৩০ বছর বয়সী অসফ ১৬ জন প্রার্থীকে ডিঙিয়ে সবচেয়ে বেশি ভোট পেলেও প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন। এতে এখন দ্বিতীয় দফা ভোটে তাঁকে জর্জিয়ার সাবেক সেক্রেটারি অব স্টেট হ্যান্ডেলের বিরুদ্ধে লড়তে হচ্ছে।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই আসনটি দখলের লক্ষ্যে রেকর্ড পরিমাণ অর্থ ঢেলেছে। মোট অর্থের হিসাবে এই আসনে দুই দলের ব্যয়ের পরিমাণ ৪০ মিলিয়ন ছাড়িয়ে যাবে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণীয়।

চাঁদার ব্যাপারে অবশ্য জন অসফ এগিয়ে, তিনি একাই ২৩ মিলিয়ন ডলার চাঁদা তুলেছেন, যার মধ্যে ১৫ মিলিয়ন ডলার এসেছে শেষ দুই মাসে। একই সময় হ্যান্ডলের সংগৃহীত চাঁদার পরিমাণ মাত্র ৪ মিলিয়ন।

ডেমোক্র্যাটরা আশা করছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যেভাবে তাঁর সমর্থন হারাচ্ছেন, এতে ডেমোক্র্যাটদের পক্ষে দেশজুড়ে একটি সমর্থনের ঢেউ জাগছে।

গ্যালপের নেওয়া সর্বশেষ জাতীয় জনমত জরিপে ট্রাম্পকে সমর্থন করে এমন মার্কিনি রয়েছেন ৩৮ শতাংশ। তাঁকে সমর্থন করেন না এমন মার্কিনির পরিমাণ ৫৮ শতাংশ। ট্রাম্পের নিজস্ব সমর্থকদের মধ্যে সমর্থনের পরিমাণ তেমন না কমলেও ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটারদের মধ্যে ট্রাম্পবিরোধী মনোভাব তীব্র হয়ে উঠছে।