২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে দ্বিগুণ শুল্কারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যবিষয়ক আলোচনা শেষ পর্যন্ত কোনো ফল আনতে পারেনি। হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত মাসে সাক্ষাৎ করেন চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হি। ছবি: রয়টার্স
দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যবিষয়ক আলোচনা শেষ পর্যন্ত কোনো ফল আনতে পারেনি। হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত মাসে সাক্ষাৎ করেন চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটনে আলোচনা চলছে। কিন্তু এর মধ্যেই দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ভিন্ন মাত্রা পেল। আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ২০ হাজার কোটি ডলার মূল্যমানের চীনা পণ্যের ওপর শুল্কের পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বর্তমানে এই চীনা পণ্যগুলোকে ১০ শতাংশ হারে শুল্ক দিতে হলেও নতুন ঘোষণার কারণে এই পণ্যগুলোকে এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ২৫ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণায় হতাশা ব্যক্ত করে চীনের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রায় ২০ হাজার কোটি ডলার মূল্যমানের চীনা পণ্যে শুল্ক হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। ফলে চীন থেকে পণ্য আমদানিতে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে। এই ঘোষণাকে ‘ভীষণ হতাশাজনক’ বলেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিপরীতে ‘প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ’ নেওয়ার কথাও বলেছে তারা।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন দুই পক্ষ ওয়াশিংটনে দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে আলোচনা করছে। এ অবস্থায় এমন ঘোষণা তাই বিস্মিত করেছে সবাইকে।
এরই মধ্যে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিষয়টি উল্লেখ করেছে। এ সম্পর্কিত এক বিবৃতিতে তারা বলেছে, ‘সহযোগিতা ও আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের সঙ্গে একযোগে কাজ করবে বলে আশা করা হয়েছিল।’

ডোনাল্ড ট্রাম্প শুধু নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দিয়েই থেমে থাকেননি। তিনি একই সঙ্গে আরও ৩২ হাজার ৫০০ কোটি ডলার মূল্যমানের চীনা পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন। এ সম্পর্কিত এক টুইটে ট্রাম্প লিখেছেন, শুল্ক থেকে প্রাপ্ত ১০ হাজার কোটি ডলার অর্থ কৃষিপণ্য কেনায় ব্যয় করা হবে, যা মানবিক সহায়তা হিসেবে দেওয়া হবে।

গত বছর ২০ কোটি ডলার মূল্যমানের চীনা পণ্যে ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। চলতি বছর এ শুল্কের পরিমাণ বাড়ানোর কথা ছিল। কিন্তু এরই মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা শুরু হওয়ায় বর্ধিত হারে শুল্ক আরোপের সিদ্ধান্তটি নিতে দেরি করে মার্কিন প্রশাসন। আর এখন আলোচনার মাঝামাঝি পর্যায়ে এসে শুল্ক আরোপের ঘোষণাটি এল।

নতুন এ শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ যে শিগগির শেষ হচ্ছে না, তা একরকম নিশ্চিত হয়ে গেছে। এই বাণিজ্যযুদ্ধ এরই মধ্যে বৈশ্বিক অর্থনীতিকেই সংকটে ফেলে দিয়েছে। ব্যবসায়ী ও ভোক্তা দুই ক্ষেত্রেই এটি সংশয় তৈরি করেছে। এই সংকট থেকে মুক্ত নয় বাণিজ্যযুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোও।

এশিয়ান ট্রেড সেন্টারের নির্বাহী পরিচালক ডেবোরাহ এমস বিবিসি অনলাইনকে বলেন, ‘এটি অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। মার্কিন কোম্পানিগুলোকেই হঠাৎ করে বাড়ানো শুল্কের বোঝাটি টানতে হবে। আর এরপর আসবে চীনের পাল্টা পদক্ষেপ।’

এর প্রভাব কতটা ভয়াবহ, তার একটি ধারণা পাওয়া যায় ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ারের বক্তব্যে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ নিয়ে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে এই বাণিজ্য বিরোধ পুরো ইউরোপে কর্মসংস্থানকে হুমকির মুখে ফেলবে। বৈশ্বিক প্রবৃদ্ধির জন্য এর চেয়ে বড় হুমকি আর হতে পারে না।’