২০১৬ সালে প্রার্থী হচ্ছেন হিলারি?

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল বুধবার কেনটাকিতে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী অ্যালিসন লুন্ডারগ্যান গ্রিমসের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন। সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন, এতে ২০১৬ সালে দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা বেশ জোরালো বলে প্রতীয়মান হয়েছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
হিলারি ক্লিনটন তাঁর বক্তব্যে হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার স্বপ্নের ব্যাপারে সরাসরি কোনো কথা বলেননি। তবে অতীতে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেতে তাঁর লড়াইয়ের কথা তিনি বারবার বক্তব্যে উল্লেখ করেছেন।
লুইসভ্যালিতে গ্রিমসের সমর্থকদের উদ্দেশে সাবেক এই ফার্স্ট লেডি বলেন, ‘আপনারা জানেন, ২০০৮ সালে বহু মানুষ তাদের হৃদয় আর বাড়ির দরজা আমার জন্য খুলে দিয়েছিল।’ তিনি বলেন, ‘চলুন, আমরা আরেকবার কাচের তৈরি দেয়ালটা (গ্লাস সিলিং) ভেঙে ফেলি। আর এই অপ্রতিরোধ্য তরুণ নারীকে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত করি।’
হিলারি মাঝে অসুস্থ হওয়ায় রটেছিল, তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার লড়াইয়ে শামিল হবেন না। তবে তাঁর গতকালের ভাষণটি ছিল খুবই রাজনৈতিক। তিনি তাঁর বক্তব্যে মধ্যবিত্তের জন্য সুযোগ বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও নারী অধিকারের বিষয়গুলো এনেছেন। ধারণা করা হচ্ছে, এগুলো আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার লড়াইয়ের জন্য প্রস্তুতিমূলক কাজের বহিঃপ্রকাশ। তিনি কেনটাকির বর্তমান সিনেটর ও সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিচ ম্যাককনেলের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘বর্তমান সময়ে এটি খুবই অবিশ্বাস্য যে, কেউ বলে থাকেন এখানকার নারীরা পুরুষের সমান কাজ করেও সমমজুরি পাওয়ার যোগ্য না। আপনি নারী না পুরুষ, এটি পারিবারিক বিষয়। এটি ন্যায্যতার বিষয়, এটি অর্থনৈতিক বিষয়।’
হিলারি ক্লিনটন আট বছর ধরে মার্কিন সিনেটর ছিলেন। ২০০৮ সালে তিনি দলীয় প্রার্থী বারাক ওবামার কাছে হেরে ডেমোক্র্যাট দলের হয়ে লড়াই করতে পারেননি। বারাক ওবামা প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি তাঁর প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।