২০১৬ সালের নির্বাচনেও গুরুত্বপূর্ণ ওবামা দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের বহু কৃষ্ণাঙ্গ নেতা সে সময় ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছিলেন। তাঁদের ভাষ্য ছিল, একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের জন্য দেশ তখনো প্রস্তুত নয়। বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি কৃষ্ণাঙ্গদের বুঝিয়েছিলেন, শ্বেতাঙ্গরাও তাঁর স্বামীকে ভোট দেবে এবং কৃষ্ণাঙ্গরা তাঁকে ভোট দিলে তা বরবাদ হবে না।
২০০৮ সালে নির্বাচনের দিন পর্যন্ত অনেক ওবামা সমর্থক ‘ব্র্যাডলি ইফেক্ট’-এর আশঙ্কা করছিলেন। ব্র্যাডলি ইফেক্ট-এর অর্থ হচ্ছে, শ্বেতাঙ্গ ভোটাররা মুখে জরিপকারীদের কাছে কৃষ্ণাঙ্গ প্রার্থীকে ভোট দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত তাঁরা পছন্দ করবেন একজন শ্বেতাঙ্গকেই।
ওই ঘটনার আট বছর পর এসে এখন আর কেউ প্রশ্ন তুলছে না, ‘ওবামারা কি প্রেসিডেন্ট নির্বাচনে কাউকে জয়ী করতে পারেন?’ এখনকার প্রশ্নটা হচ্ছে, ‘ওবামা পরিবারের সাহায্য ছাড়া কেউ কি প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারে?’
ঐতিহ্যগতভাবে দ্বিতীয় মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট তাঁর উত্তরসূরির প্রচারণায় খুব সংক্ষিপ্ত পরিসরেই ভূমিকা রাখতে পারেন। কারণ দলের নতুন প্রার্থী ভবিষ্যৎ নিয়েই কথা বলতে চান, অতীতের চর্চা নয়। আর ফার্স্ট লেডিকেও স্বামীর দলের প্রার্থীর প্রচারণায় কালেভদ্রে দেখা যায়। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির এবারের প্রার্থী হিলারির শেষদিকের প্রচারণায় দেখা যায়, তিনি ওবামা-দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। নর্থ ক্যারোলাইনার ওই প্রচারণা সভায় হিলারি ওবামার উচ্ছ্বসিত প্রশংসা করলেন। হিলারি বললেন, বিদায়ী প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে খাদ থেকে টেনে তুলেছেন। গাড়ি শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন, ভূমিকা রেখেছেন জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা ইস্যুতেও।
হিলারির প্রচারণায় মার্কিন ফার্স্ট পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতা সেখানেই থেমে থাকেনি। নির্বাচনের ঠিক আগে ফিলাডেলফিয়ায় হিলারির সোমবারের প্রচারণায়ও ওবামা দম্পতি যোগ দেন। বিশ্লেষকেরা বলছেন, এবারের নির্বাচনে হিলারির জন্য বিষয়টা হয়তো শুধুই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, কিন্তু যদি ডেমোক্রেটিক দলের প্রার্থী জিতে যান, তাহলে ওবামা দম্পতির জন্য তা হবে রাজনীতিতে তাঁদের এত দিনের অর্জনের স্বীকৃতি।
প্রেসিডেন্ট থাকার সময় ওবামার জনপ্রিয়তার উত্থান-পতন ঘটলেও শেষ মুহূর্তে এসে তিনি একজন জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবেই বিবেচিত হয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, ওবামার এ জনপ্রিয়তার কারণেই হিলারি নিজের প্রচারণায় তাঁকে উপেক্ষা করতে পারেননি। এই হিলারিই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ইরাক থেকে প্রায় সব মার্কিন সেনা প্রত্যাহার এবং সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ না করার ব্যাপারে ওবামার সিদ্ধান্তকে পছন্দ করেননি।
কিছু কিছু ব্যাপারে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ বিদায়ী প্রেসিডেন্ট ওবামা। মার্কিন পাবলিক রিলিজিয়ন রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জরিপ বলছে, ডেমোক্রেটিক দলকে সমর্থন করা সাধারণ মানুষের মধ্যে ৩৫ শতাংশ মনে করেন, ওবামাই এ দলের প্রেসিডেন্টদের মধ্যে সেরা। জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জন এফ কেনেডি (২১ শতাংশ) ও তৃতীয় বিল ক্লিনটন (২০ শতাংশ)।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, ওবামার মতো এত সমর্থন নিয়ে নিকট-ইতিহাসে ডেমোক্রেটিক পার্টির আর কেউ মনোনয়ন পাননি। আর বর্তমান ফার্স্ট লেডি মিশেল তো বরাবরই সবার পছন্দের।
বিশ্লেষকেরা বলছেন, ওবামা দম্পতির এ জনপ্রিয়তার অর্থ এই নয় যে, পরবর্তী সময়ে কখনো মিশেল ওবামাকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে দেখা যাবে। কারণ গত সপ্তাহেও এক রেডিওতে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, মিশেল কখনো হোয়াইট হাউসে প্রবেশের দৌড়ে নামবেন না।
তবে ওবামা দম্পতির এ জনপ্রিয়তা হয়তো তাঁদের ভবিষ্যতের রাজনীতি ও জাতীয় নীতির ক্ষেত্রে ভূমিকা রাখার একটা সুযোগ দেবে। বিশ্লেষকদের ভাষ্য, ২০০৯ সালে হোয়াইট হাউস ত্যাগের পর জর্জ ডব্লিউ বুশের পরামর্শ চাননি রিপাবলিকানরা। কিন্তু ওবামার ক্ষেত্রে এমনটা হওয়ার সম্ভাবনা কম।