২০১৬ সালের ম্যান বুকার পেলেন পল বিটি

যুক্তরাষ্ট্রের প্রথম লেখক হিসেবে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন পল বিটি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জাতি বা বর্ণগত পরিচয়ের বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক উপন্যাস দ্য সেলআউট-এর জন্য তিনি ২০১৬ সালের জন্য এ পুরস্কার পেলেন।
বিচারকেরা পল বিটিকে মার্ক টোয়েন এবং জোনাথন সুইফটের সঙ্গে তুলনা করেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণকারী এই লেখকের বয়স ৫৪ বছর। তাঁর দ্য সেলআউট উপন্যাসের প্রধান চরিত্র কালোদের অতীতের দাসত্ব এবং বিচ্ছিন্নভাবে থাকার পরিস্থিতি ফিরিয়ে এনে নিজের কৃষ্ণাঙ্গ পরিচয়কে জোরের সঙ্গে ফুটিয়ে তুলতে চান।
পল বিটি বলেছেন, বইটি পড়ার সময় পাঠকের জন্য তা সহজভাবে নেওয়া কঠিন হতে পারে। কিন্তু এবারের বিচারকমণ্ডলীর প্রধান, ইতিহাসবিদ আমান্ডা ফোরম্যান বলেন, ‘তা মোটেও খারাপ কিছু নয়।’ ফোরম্যান বলেন, ‘উপন্যাস আরামদায়ক হওয়া উচিত নয়। সত্য খুব কমই সুন্দর হয়।’ বইটিকে ‘আমাদের সময়ের বই’ হিসেবেও উল্লেখ করেন বিচারকমণ্ডলীর প্রধান।