২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন: আগাম জল্পনাকল্পনা
যুক্তরাষ্ট্রে এ বছরের মধ্যবর্তী নির্বাচনের সব আসনের ফলাফল এখনো আসেনি। একটি সিনেট আসনে এখনো পুনরায় ভোট গ্রহণ বাকি। এরপরও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দুই দলের প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনাকল্পনা তুঙ্গে।
রিপাবলিকান পার্টির পক্ষে ডোনাল্ড ট্রাম্প প্রার্থী হবেন, সে কথা নিশ্চিত। বস্তুত, ২০১৭ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পরের দিন থেকেই তিনি পুনর্নির্বাচনের জন্য চাঁদা সংগ্রহ করছেন। এরই মধ্যে তিনি ১০০ মিলিয়ন ডলার তুলে ফেলেছেন। বলা হচ্ছে, তিনি সম্ভবত বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে তাঁর রানিং মেট হিসেবে বাছাই নাও করতে পারেন। কানাঘুষা শোনা গেছে, তিনি নাকি পেন্সের ‘আনুগত্য’ নিয়ে সন্দিহান। কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হেইলি—যিনি এ বছর শেষে এই পদ থেকে সরে দাঁড়াবেন—ট্রাম্পের রানিং মেট হতে পারেন।
প্রথাগতভাবে কোনো প্রেসিডেন্ট পুনর্নির্বাচনে দাঁড়ালে নিজ দলের কোনো সদস্য তাঁর বিরোধিতা করেন না। ২০২০ সালের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হতে পারে। অ্যারিজোনার বিদায়ী সিনেটর জেফ ফ্লেক ইঙ্গিত করেছেন, তিনি দলীয় মনোনয়নের জন্য ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেননি। শুধু বলেছেন, ট্রাম্পের প্রার্থিতার চ্যালেঞ্জ হওয়া উচিত।
অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী—এমন রাজনীতিকের সংখ্যা আধা ডজন বা তার চেয়েও বেশি। মধ্যবর্তী নির্বাচনের আগে ভাবা হয়েছিল, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও স্বতন্ত্র সমাজতন্ত্রী সিনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যেই বাছাইপর্বে মূল লড়াই সীমিত থাকবে। এখন সে কথা আর ভাবা হচ্ছে না। আরও তিনজন সিনেটর এই তালিকায় যুক্ত হয়েছেন—ওহাইওর শ্যারড ব্রাউন, ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওয়ারেন এবং ক্যালিফোর্নিয়ার কমলা হ্যারিস।
মধ্যবর্তী নির্বাচনের পর এই হিসাব উল্টে দিয়ে সামনে চলে এসেছেন টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান বেটো ও’রুরক। এই নির্বাচনে তিনি সামান্য ব্যবধানে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের কাছে পরাজিত হয়েছেন। অত্যন্ত রক্ষণশীল হিসেবে পরিচিত টেক্সাসে বেটো (তিনি এই নামেই অধিক পরিচিত) যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছেন, তাতে সারা দেশের ডেমোক্রেটিক–সমর্থকেরা দারুণ অনুপ্রাণিত হয়েছেন। তাঁকে নিয়ে উৎসাহের প্রধান কারণ অবশ্য বড় কোনো চাঁদাদাতার সমর্থন ছাড়াই অর্থ সংগ্রহে তাঁর সাফল্য। মূলত, অনলাইনে সারা দেশের হাজার হাজার মানুষ তাঁকে ২০ থেকে ৫০ ডলারের চাঁদা দিয়ে বিজয়ের প্রায় দোরগোড়ায় নিয়ে এসেছিলেন। নির্বাচনের আগের তিন মাসে তিনি একাই ৩৮ মিলিয়ন ডলার তুলে সবাইকে তাজ্জব করে দেন। এই নির্বাচনের জন্য তাঁর তোলা মোট চাঁদার পরিমাণ ছিল ৭০ মিলিয়ন ডলার।
ডেমোক্রেটিক পার্টির পক্ষে যাঁরা মোটা অঙ্কের চাঁদা দিয়ে থাকেন, তাঁদের অনেকেই বেটোর সিদ্ধান্ত জানার অপেক্ষা রয়েছেন। টেক্সাসের একজন প্রধান চাঁদা সংগ্রহকারী পলিটিকোকে বলেছেন, বেটো কী সিদ্ধান্ত নেন, তা না জানা পর্যন্ত কেউ অন্য কোনো প্রার্থীর ব্যাপারে আগাম কোনো প্রতিশ্রুতি দেবেন না।
কিন্তু বেটো নিজে কী ভাবছেন? নির্বাচনের আগে বলেছিলেন, পরাজিত হলে ঘরের ছেলে ঘরে ফিরে আসবেন। কিন্তু এখন সে সুরের বদল হয়েছে। একটি জনপ্রিয় উদারনৈতিক ওয়েবসাইটকে বেটো সম্প্রতি বলেছেন, এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে তিনি পৌঁছাননি।