২০২০ সালের বঙ্গ সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গ সম্মেলনের কিক অফ পার্টি অনুষ্ঠানে অতিথিরা
বঙ্গ সম্মেলনের কিক অফ পার্টি অনুষ্ঠানে অতিথিরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করবেন আমেরিকাপ্রবাসী ভারতীয় বাঙালিরা। আগামী ২০২০ সালে লাস ভেগাসে অনুষ্ঠেয় চতুর্দশ বঙ্গ সম্মেলনে এ আয়োজন করছে বঙ্গ সংস্কৃতি সংঘ।
বহির্বিশ্বের অন্যতম বৃহৎ এ বাংলা উৎসবে নয় হাজারেরও বেশি বাঙালি অংশ নেবেন। গত ৯ জুন নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান আয়োজকেরা। চোখ ধাঁধাঁনো আলো ঝলমলে জৌলুশ নগরী লাস ভেগাস। ২০২০ সালে জুলাই মাসের প্রথম সপ্তাহে সেখানেই বসছে বহির্বিশ্বের অন্যতম বৃহৎ বাংলা উৎসব বঙ্গ সম্মেলন। তিন দিনের এ সম্মেলনের আয়োজক আমেরিকায় বসবাসকারী ভারতীয় বাঙালিদের সংগঠন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা বঙ্গ সংস্কৃতি সংঘ।
গত ৯ জুন বঙ্গ সম্মেলনের কিক অফ পার্টি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি রেস্তোরাঁয়। অনুষ্ঠানের শুরুতে উৎসবের থিম সংগীত ‘হাতে হাত ধরে চলি’ গেয়ে শোনান শিল্পীরা। অনুষ্ঠানে আয়োজকেরা জানান, ২০২০ সালে তিন কিংবদন্তি বাঙালির জন্ম শতবার্ষিকী। এ উপলক্ষে অনুষ্ঠানের তিনটি মঞ্চ তিন খ্যাতিমান বাঙালির নামে নামকরণ করা হচ্ছে। সবচেয়ে বড় মঞ্চটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।
বঙ্গ সম্মেলন ২০২০-এর আহ্বায়ক মিলন আওন বলেন, ‘আগামী বছর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও সংগীতজ্ঞ রবিশঙ্কর জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে আমরা তিন কিংবদন্তির জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি। সম্মেলনে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।’ বঙ্গ সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক দেবী প্রসাদ পালিত বলেন, ‘আমরা হয়তো আলাদা হয়ে গেছি, কিন্তু একসময় একসঙ্গে ছিলাম। আমাদের ভাষা-সংস্কৃতি এক ও অভিন্ন। আমাদের প্রত্যাশা এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আরও বেশিসংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করবেন। এক বছরেরও বেশি সময় বাকি আছে সম্মেলনের। ২০২০ সালের ৩, ৪ ও ৫ জুলাই তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এখন থেকেই এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সম্মেলনে বলিউড ও টালিউড ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্র, টিভি ও সংগীত জগতের শিল্পীরা অংশ নেবেন।