২০৩০-এর মধ্যে ৮০ কোটি চাকরি রোবটের দখলে
২০৩০ সাল নাগাদ বিশ্বের ৮০ কোটি কর্মসংস্থান চলে যাবে রোবটের হাতে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য বলছে, ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বের ৮০০ মিলিয়ন (৮০ কোটি) মানুষ চাকরি হারাবে। আর এ চাকরি দখল করবে রোবট। পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনজি গ্লোবাল ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। এতে এসব প্রতিষ্ঠানে কর্মজীবী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা ক্রমেই ফুরিয়ে আসছে। বাংলাদেশেই এখন রেস্তোরাঁয় চালু হয়েছে রোবট-সেবা। খাবার পরিবেশনের কাজ এখন মানুষের বদলে করছে রোবট। গুগল, অ্যাপল, ফেসবুকসহ বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের উন্নয়নে কাজ করছে। এ খাতে তারা এরই মধ্যে ব্যাপক বিনিয়োগও করেছে।
ম্যাককিনজি গ্লোবালের গবেষণায় বিশ্বের ৪৬টি দেশের ৮০০টি কর্মক্ষেত্রের গতিপ্রকৃতি পর্যালোচনা করে দেখা গেছে, ২০৩০ সাল নাগাদ বিশ্বের কর্মসংস্থানের এক-পঞ্চমাংশই চলে যাবে প্রযুক্তির হাতে। উন্নত দেশ, বিশেষ করে জার্মানি ও আমেরিকার এক-তৃতীয়াংশ কর্মক্ষম মানুষকে নতুন চাকরির চেষ্টা করতে হবে। মেশিন অপারেশন ও খাদ্যকর্মী হিসেবে রোবট নিয়োগ হবে বেশি। তবে দরিদ্র দেশগুলোতে যাদের অটোমেশনে বিনিয়োগের ক্ষমতা কম, তাদের ওপর তেমন প্রভাব পড়বে না।
ম্যাককিনজির গবেষণার উল্লেখ করে বিবিসি জানাচ্ছে, ভারতের ৯ শতাংশ কর্মসংস্থানের ওপর অটোমেশনের প্রভাব পড়বে। ২০৩০ সাল নাগাদ উন্নত দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের হার বেড়ে যাবে। কারণ, যেসব কাজে বেশি শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, সেসব কাজ সংকুচিত হবে। কেবল আমেরিকাতেই ৪০ থেকে ৭০ মিলিয়ন মানুষ চাকরি হারাবে। কাজ হারানো এসব মানুষের মধ্যে মাত্র ২০ মিলিয়নকে অন্য শিল্পে স্থানান্তর করা সম্ভব হবে। যুক্তরাজ্যের ক্ষেত্রে অটোমেশন প্রভাব ফেলবে ২০ শতাংশ চাকরির ওপর। বিশেষত হিসাবরক্ষক, আইনজীবীর সহকারীসহ বিভিন্ন দাপ্তরিক কাজ সবচেয়ে বেশি ঝুঁকিতে। তবে চিকিৎসা, আইন, শিক্ষকতার মতো কাজগুলো তুলনামূলক নিরাপদে আছে।
এর আগে গত আগস্টে প্রকাশিত অক্সফোর্ড ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমীক্ষায় বেরিয়ে আসে, আগামী ৫০ বছরের মধ্যে মানুষের নানা ধরনের কাজের নিয়ন্ত্রণ নেবে রোবট। তথ্যপ্রযুক্তি যেমন সুপারসনিক গতিতে এগোচ্ছে, এতে ২০৬৬ সালের মধ্যে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে মানুষকে টপকে যেতে পারে মানুষেরই তৈরি যন্ত্র—রোবট!