যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের জট কমাতে নতুন নিয়ম করা হয়েছে। এখান আবেদন করার ২১ দিনের মধ্যে শুনানির জন্য ডাকা হবে। প্রথম শুনানির পরই সিদ্ধান্ত হবে বেশির ভাগ আবেদনের, তবে প্রয়োজনে আবেদন কারি আরও ২১ দিন সময় পাবেন তার পক্ষে তথ্যপ্রমাণ হাজির করার জন্য। এরপর হয় তার আবেদন গ্রহণ করা হবে, না হয় দেশে ফেরত যাওয়ার জন্য বলা হবে। এক সপ্তাহ আগে ৩১ জানুয়ারি এক প্রজ্ঞাপনে ইমিগ্রেশন দপ্তর এই তথ্য দিয়ে বলেছে, এর আগে যে নিয়মিত অ্যাসাইলাম বুলেটিন প্রকাশ করা হতো সেটিও আর থাকছে না।
সর্বশেষ হিসাব অনুযায়ী ২১ জানুয়ারি পর্যন্ত নানা দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা ৩ লাখ ১১ হাজার রাজনৈতিক আশ্রয়ের আবেদন ঝুলে আছে। গত পাঁচ বছরে এই জট বেড়েছে ১৭০০ গুণ। এমনকি রাজনৈতিক আশ্রয়ের আবেদন বেড়েছে এই সময়ে আগের চেয়ে তিন গুণ। অনেক সময় রাজনৈতিক আশ্রয়ের
আবেদনগুলোর সিংহভাগ মামলা ভুয়া, কারণ দেখিয়ে করা হয় বলে বলা হয়েছে অভিবাসন দপ্তরের ওই প্রজ্ঞাপনে।
ইউসিসির পরিচালক ফ্রান্সিস কিসনা জানিয়েছেন, ‘রাজনৈতিক আশ্রয়ের আবেদনের এই দীর্ঘসূত্রতার কারণে এর অপব্যবহার করার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে এর সুযোগ নিয়ে মারাত্মক অপরাধীরা ঢুকে পড়ছে দেশে।’
২০ বছর আগে ১৯৯৫ সালে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের যে নিয়ম করা হয়েছিল সেটার সুযোগ নিতে অনেকে মিথ্যা তথ্যের আশ্রয় নিতেন। মূলত এটা করতেন ১৮০ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য। প্রাথমিকভাবে জুতসই কাগজপত্র জমা দেওয়া ছাড়াই যেনতেনভাবে আবেদন করে থাকতেন অনেকেই। সেই সুযোগ বন্ধ হয়ে যাবে এই নতুন বিধানে।
অভিবাসন ও মানবাধিকারকর্মী কাজী ফৌজিয়া জানিয়েছেন, ‘এখন আমাদের বাংলাদেশিদের মধ্যে থেকে যাঁরা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে চান, তাঁদের আগে জানতে হবে যে কেন তিনি এই আবেদন করছেন। তাঁর যদি সত্যিই রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন থাকে এবং যেটা তিনি অকাট্য তথ্যপ্রমাণ দিয়ে প্রমাণ করতে পারবেন। তাহলে আবেদনকারী স্থায়ী বসবাসের অনুমতি পেতে পারেন। অন্যথায় তাঁকে ৬ সপ্তাহের মধ্যেই দেশে ফেরত যাওয়ার নোটিশ দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে নতুন আবেদনকারীদের সতর্ক হতে হবে অনেক বেশি। আর এর ফলে আগের চেয়ে বহিষ্কারের হারও বেড়ে যাবে।’
অন্যদিকে অভিবাসন আইনের পরামর্শক মঈনুদ্দীন নাসের জানিয়েছেন, ‘এই নতুন বিধানের ফলে আগে যাঁরা আবেদন করে রেখেছিলেন, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অনেক ক্ষেত্রে তাঁদের মামলাগুলো এখন মেশিন নির্ধারিত লটারির মাধ্যমে ডাকা হবে। অর্থাৎ লটারির মতো যাঁরটা সামনে চলে আসবে, তাঁকেই ডাকা হবে। এর বাইরে আগের আবেদনকারীদের মধ্যে যদি কেউ চান যে তাঁর মামলার শুনানি তিনি আগে করাতে চান, সে ক্ষেত্রে লিখিত আবেদন করলে, স্থানীয় অভিবাসন দপ্তর তাঁকেও আগে ডাকতে পারে।’
বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য ডিভি লটারি ও পারিবারিক অভিবাসনের বাইরে যত আবেদন আসে তার সিংহভাগই রাজনৈতিক আশ্রয়ের আবেদন। অনেক বাংলাদেশি এই কোটায় সুযোগ নেন। দেশে রাজনৈতিক সংঘাত, ইসলামি চরমপন্থা, পারিবারিক কোন্দল, বিচারহীনতায় কারাদণ্ডভোগের ভয়সহ নানাবিধ কারণ দেখিয়ে তাঁরা আবেদন করেন। এমন অনেক আবেদনকারী আছেন যাঁরা তিন বছর আগে আবেদন করে রেখেও এখনো শুনানির জন্য ডাক পাননি। আবার নতুন যাঁরা আবেদন করতে চান, যাঁদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আবেদনের যথেষ্ট যৌক্তিক কারণ আছে তারাও এই দীর্ঘসূত্রতার কারণে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে ভয় পান। ওই সব মানুষের জন্য সুবিধা নিয়ে আসবে নতুন বিধান। কিন্তু যাঁরা এই দেশে ভ্রমণ ভিসায় এসে কোনোমতে একটি আবেদন করে ওয়ার্কপারমিট নেওয়ার চিন্তা করতেন তাঁদের জন্য এই নিয়ম বেশ অসুবিধাজনক হবে বলে মনে করছেন আইনি পরামর্শকেরা।