২৩ বছর পর মৃত্যুদণ্ড থেকে মুক্তি
যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে ২৩ বছর কাটানোর পর মুক্তি মিলেছে এক নারীর। ডেবরা মিল্ক (৫১) নামের জার্মান বংশোদ্ভূত ওই নারীর বিরুদ্ধে নিজের শিশুসন্তানকে হত্যার অভিযোগ আনা হয়। গতকাল সোমবার দণ্ডাদেশ থেকে নিষ্কৃতি দিয়ে মামলাটি খারিজ করেন আদালত।
আজ বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ডেবরা মিল্ক সব সময় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। ১৯৯০ সালে অ্যারিজোনায় তাঁর চার বছর বয়সী ছোট ছেলেকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়।
উচ্চপদস্থ তদন্ত কর্মকর্তার দাবি, মিল্ক হত্যার দায় স্বীকার করেছেন-এমন অসমর্থিত প্রমাণের ওপর ভিত্তি করে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আরমান্ডো স্যালডেট নামের ওই গোয়েন্দা কর্মকর্তা দুর্নীতি করে আসছিলেন। আদালতে শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু দীর্ঘ তাঁর এসব দুষ্কর্ম আড়ালে ঢাকা পড়ে ছিল।
মিল্ক ২০১৩ সাল থেকে জামিনে ছিলেন। গত চার দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে তিনি একমাত্র নারী, যিনি মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর মুক্তি পেলেন।
প্রায় দুই দশকের বেশি সময় মৃত্যু পরোয়ানা বয়ে বেড়ানোর পর, দুই বছর আগে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। তখন প্রধান তদন্ত কর্মকর্তার ‘গুরুতর ভুল’ প্রমাণ হওয়ায় তাঁকে মুক্তি দেন আদালত।