২৫ ডলার নিয়ে আমেরিকায় আসা মাহপারার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরের প্রথম বাংলাদেশি মাহপারা করিম
যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরের প্রথম বাংলাদেশি মাহপারা করিম

যুক্তরাষ্ট্রে ৪৩ বছর! কিন্তু তিনি পুরোদস্তুর আমেরিকান হতে পারেননি এখনো। বুকে লাল-সবুজের বাংলাদেশকে আঁকড়ে ধরে আছেন। চার যুগ ধরে নিজের গাড়ির সামনে (ঢাকা মেট্রো-ক ৬৯-৪২০) নম্বর প্লেট (ট্যাগ) লাগিয়ে আমেরিকার ক্যানসাস চষে বেড়াচ্ছেন তিনি। যেখানে বাংলার গন্ধ পান সেখানে ছুটে যান।
আমেরিকার লতাপাতায় বাংলার প্রকৃতিকে খুঁজে পান। শাপলা আর সূর্যমুখী তাঁর প্রিয় ফুল। বাংলাদেশ থেকে যার গল্প শুরু। তিনি হলেন যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরের প্রথম বাংলাদেশি মাহপারা করিম।
প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, ঢাকার রাজপথে হারিয়ে গিয়েছিলেন এক আমেরিকান! ম্যানারড শেলী। মেনোনাইড সেন্ট্রাল কমিটির (এমসিসি) ডাইরেক্টর তিনি। ১৯৭৩ সালে পরিবাগের মোড়ে তিনি (ম্যানারড শেলী) প্রাইভেট কারে বসে এদিক-ওদিক কি যেন খুঁজছিলেন। এ
সময় মাহপেরা করিম এগিয়ে এসে বললেন, ‘মে আই হেলপ ইউ।’ এরপর তিনি
হারিয়ে যাওয়া মানুষটিকে নিউমার্কেট এলাকায় তাঁর নিজ বাসায় পৌঁছে দেন।
সেই ম্যানারেড শেলী মাহপেরা করিমকে বেথল কলেজে ভর্তির সব আয়োজন করে দেন। সে থেকে জীবনের মোড় ঘুরে যায় তাঁর।
১৯৭৪ সালে রাজধানী ঢাকার নটরডেম কলেজ থেকে অ্যাডমিশন নিয়ে সোজা ক্যানসাস রাজ্যের নিউটন শহরের বেথল কলেজে ভর্তি হন।
মাহপেরা করিম বলেন, তিনি মাত্র ২৫ ডলার নিয়ে আমেরিকায় আসেন। ১৯৭৮ সালে আন্ডার গ্র্যাজুয়েশন করার পর জীবনসংগ্রামে নেমে পড়েন। ডিশ ওয়াশিং থেকে শুরু করে আমেরিকার নামকরা ফ্রেঞ্চ কোম্পানি টাকো-টিকো ও পিৎজা হাট এর ম্যানেজারিয়াল পোস্টে দুই যুগেরও বেশি সময় কাজ করেছিলেন।
হঠাৎ একদিন টাকোটিকো থেকে বরখাস্ত করা হয় তাঁকে। চাকরিচ্যুত মাহপারার জেদ চাপে টাকোটিকোর মালিক হওয়ার। নানা চড়াই-উৎরাই পার হয়ে ২০১০ সালে ‍তিন রাজ্যের ২৬টি টাকোটিকো স্টোর কিনে নেন তিনি।
ছাত্রাবস্থায় তিনি উচিটা শহরে বসে দীর্ঘ ছয় মাস ৩শ পৃষ্ঠার ‘বাংলাদেশ’ শিরোনামে একটি বই লিখেছিলেন।
যার পাণ্ডুলিপি এখনো যত্ন করে রেখে দিয়েছেন।
হাজারো ব্যস্ততার মাঝে তাঁর মনে পড়ে বাংলাদেশের স্বাধীনতার সেই অগ্নিঝরা দিনগুলোর কথা। সেই স্মৃতির ডায়েরির পাতা ওল্টাতে গিয়ে তিনি বলেন, ‘১৯৭১ এর ২৩ মার্চ। পাকিস্তানি সামরিক জান্তা রাজধানী ঢাকায় কারফিউ জারি করেছিল। লকড আপ পুরো ঢাকা। আমরা পরিবাগসহ বিভিন্ন এলাকার স্কুলপড়ুয়া ছাত্ররা কারফিউ ভঙ্গ করে মিছিল নিয়ে এগিয়ে যায়। এলিফ্যান্ট রোডে থাকত আমার এক প্রিয় বন্ধু। তার বড় ভাইকে বাসা থেকে শত্রুপক্ষ ধরে নিয়ে হত্যা করেছিল। নিজের চোখে দেখেছিলেন, জগন্নাথ হল, রেডিও স্টেশনসহ নানা গুরুত্ব স্থাপনায় বিক্ষুব্ধ ছাত্র জনতার আগুন দিচ্ছে।’
তিনি বলেন, ‘সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে ১৯৭১ সালে মেট্রিক পরীক্ষায় অংশ নিতে পারিনি। ১৯৭২ এ মেট্রিক পাশ করে নটর ডেম কলেজে ভর্তি হই।’
ঢাকার ওয়ারী-ধানমন্ডিতে মাহপারার বেড়ে ওঠা। বাবার চাকরির সুবাদে পরিবাগ ওয়াপদা কলোনিতে থাকা। কাকতালীয় ভাবে একই কলোনির লাজুক মেয়ে মান্নার প্রেমের ফ্রেমে বন্দী হয়ে যান মাহপারা। ছোটবেলায় মা হারানো মাহপারা বাবাকে না জানিয়ে এক রাতে ট্রেনে চেপে ঢাকা থেকে কুমিল্লায় পালিয়ে গিয়ে ১৯৭৪ সালের ১২ ফেব্রুয়ারি বিয়ে করেন মান্নাকে। ১৯৭৪ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকা এয়ারপোর্ট থেকে সোজা আমেরিকায়। তিনি জানান, ‘যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরে প্রথম পা রাখি। বলা যায় আমার প্রিয় শহর উচিটা।
তখন উচিটা স্টেট ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন ছিল। তখন আমরা ৭ জন মিলে প্রথম বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন চালু করি। এরপর বাংলাদেশ কমিউনিটির কলেবর বাড়তে থাকে। মিড কন্টিনেন্ট অ্যাসোসিয়েশন ক্যানসাসসহ নানা আয়োজনে বাঙালি লোকজনের পদচারণায় এখন ক্যানসাসের উচিটা শহর ফুলে-ফলে ভরা যেন একখণ্ড বাংলাদেশ।’