২৫ বছরে বিপার নৃত্যধারা
২৫ বছরে বিপার নৃত্যধারা গৌরবোজ্জ্বল অতীতের আলোয় অনুপ্রাণিত ভবিষ্যৎ

১৯৮০ থেকেই আমার নাচ শেখানো ও কোরিওগ্রাফি করা শুরু। এই ৩৮ বছরের নাচের অভিজ্ঞতায় ২৫ বছর ব্যয় করেছি বিপার জন্য। শুরুটা ঢাকায় লিভিং লিজেন্ড লায়লা হাসানের সঙ্গে আর শেষটা বোধ হয় নিউইয়র্কে বিপার সঙ্গে। নিহাল, উপমা আর এলমার সঙ্গে—যারা আমার কাছে এক একটি বিপা।
নিউইয়র্কে বিপার আত্মপ্রকাশ ঘটে ১৯৯৩ সালে শ্যামা নৃত্যনাট্য পরিবেশনার মাধ্যমে। সরাসরি সংগীত প্রয়োগে নৃত্যনাট্য পরিবেশন একটি দুঃসাধ্য কাজ। নৃত্যাংশে আমার সঙ্গে আরও ছিলেন শহীদ উদ্দিন, ডেভিড ধাওয়ান, হাবিব খন্দকার, সাব্বির শওকত এবং ছাত্রীদের মধ্যে মিম, তৃষ্ণিতা মওলা, শীপ্রা, সোমাইয়া, মুনমুন নাওয়াজ, সালমা সিদ্দিকী। আত্মপ্রকাশের পরই বিভিন্ন সামাজিক সংগঠনের আমন্ত্রণ পেতে শুরু করলাম।
সে সময় দলনেতা তপন বৈদ্য এককভাবে অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে শুরু করলেন। সাংগঠনিক প্রয়োজনে সেগুলো মেনে নিয়েছিলাম। কিন্তু বিপত্তি বাধল যখন সেই বছর টরন্টোর ফোবানা সম্মেলনে যাওয়ার ব্যাপারে এই দলনেতা বাদ সাধলেন। তাঁর কথা ছিল, যেখানে বেশির ভাগ সদস্য অংশগ্রহণ করতে অপারগ, সেই অনুষ্ঠানে বিপার প্রতিনিধিত্ব থাকতে পারবে না। এ ছাড়া ‘দলের কোনো সদস্য কোথাও ফ্রি অনুষ্ঠান করতে পারবে না’—এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করায় সদস্যরা একে একে উৎসাহ হারাতে শুরু করেন। স্বাভাবিক নিয়মে সমমনা কিছু শিল্পী ও পৃষ্ঠপোষককে সঙ্গে নিয়ে বিপা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করল। একটি স্থির লক্ষ্য অভিমুখে শুরু হলো বিপার পথচলা।
১৯৯৪ সালে অ্যাস্টোরিয়ার ৩০ অ্যাভিনিউ ও ৩৪ স্ট্রিটে অবস্থিত স্টোর ৫১ গ্রোসারির বেসমেন্টে মুনমুন, তৃণা, নাহিন প্রমুখ চার-পাঁচজন ছাত্রী নিয়ে বিপার নাচের ক্লাস শুরু হয়েছিল। ছোট্ট একটি ঘরে চলত নাচ, গান, বাংলা ও তবলা শিক্ষার ক্লাস। নাচের শিক্ষকতায় ছিলাম একমাত্র আমি। ছোট্ট ঘর হলেও এখান থেকেই একটু একটু করে বিপাকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে নিয়মিত দুই দিন করে ক্লাস করানো হতো, শুক্রবার ও রোববার। ছাত্রদের এই শিক্ষাকে কার্যকর রূপ দেওয়ার জন্য পাশাপাশি মঞ্চ পরিবেশনার প্রস্তুতিও চলতে লাগল সমানতালে। সে সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদের কাছে যোগাযোগ করে নিজেরাই অনুষ্ঠান পরিবেশনার ইচ্ছা প্রকাশ করেছি। ইতিমধ্যে বিপার আমন্ত্রণ ও স্পনসরে বাংলাদেশ থেকে নৃত্যশিল্পী অনুপ কুমার দাশ এসে বিপায় যোগ দিলেন। সাব্বির শওকত, ফাহমিনা জাব্বার, হাবিব খন্দকার, ডিনা মাহবুব, অনুপ কুমার দাস—এঁদের নিয়ে একটি শক্তিশালী নাচের টিম কাজ করতে শুরু করল। নিয়মিত ক্লাসের পর পরিকল্পনামতো প্রচারের কাজটিও চলছিল জোরেসোরে।
এক বছরের মাথায় আমাদের অনেক ছাত্রছাত্রী মোটামুটি প্রস্তুত আমাদের সঙ্গে মঞ্চ পরিবেশনার জন্য। ছাত্রসংখ্যা বাড়ানোর কারণে গ্রোসারিটির বেসমেন্টে স্থান সংকুলান অসম্ভব হওয়ায় ৩০ অ্যাভিনিউ অ্যাথেন্স পার্কের সামনের জনতা গ্রোসারির অপর বেসমেন্টটিও ভাড়া নেওয়া হলো। তারপর ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত একে একে চলতে লাগল দুটি করে বাৎসরিক প্রযোজনা—একটি শিশু ছাত্রদের নিয়ে, অন্যটি অপেক্ষাকৃত বড় শিক্ষার্থী ও অন্য সদস্যদের নিয়ে। এই বছরগুলোতে আমাদের প্রযোজনা তালিকায় ছিল সেলিমা আশরাফ সুরারোপিত শিশু-কিশোর পরিবেশিত গীতিনৃত্যনাট্য ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘সোনাই মাধব’, ‘শেয়াল পণ্ডিতের পাঠশালা’, রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’, ‘বুদ্ধু ভুতুম’, নজরুল সংগীত অবলম্বনে ‘খেলা শেষের গান’, ‘ছোটদের নজরুল’, রবীন্দ্রনাথের ‘তাসের দেশ’, ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘সোনাই মাধব’ ও ‘হিংসুটে দৈত্য’। এসব নৃত্যনাট্য সরাসরি সংগীতায়োজন ও সংগীতশিল্পী দলের পরিবেশনার সঙ্গে মঞ্চস্থ হতো। এসব প্রযোজনা মঞ্চায়নের একমাত্র উপযুক্ত স্থান ছিল জ্যামাইকার হিলক্রেস্ট হাইস্কুল মঞ্চ। এ সময় আলোকসম্পাতে আমাদের সঙ্গে থাকতেন এনায়েত করিম বাবুল ও মেসবাউল বাবুল। নিয়মিত বাৎসরিক প্রযোজনার পাশাপাশি অনেক সামাজিক ও বহুজাতিক অনুষ্ঠানে বিপা নাচ পরিবেশনা করে আসছিল, সেগুলোর তালিকায় রয়েছে: ব্রুকলিন পূজা সমিতি, পাবলিক লাইব্রেরি, ম্যানহাটন প্যাসিফিক কোয়ালিশন, বিভিন্ন কলেজের বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সোসাইটির গ্রীষ্মমেলা ইত্যাদি।
পরবর্তী তিনটি বছরে সংগীতের পাশাপাশি নিউইয়র্কে ভালো নৃত্যানুষ্ঠান ও নৃত্যশিল্পীর অভাব পূরণ করে বিপা একটি দৃঢ় অবস্থানে পৌঁছে যায়। এর মাঝে কখন যে গুটি কয়েক সদস্য লক্ষ্যচ্যুত হতে শুরু করলেন, তা বোঝা গেল ১৯৯৯ সালে কাজী নজরুল ইসলামের ১০০তম বার্ষিকী উপলক্ষে নজরুল সম্মেলনের আয়োজনের সময়। বিপার এই সমবেত শক্তিকে ভাঙার চেষ্টার ফাঁদে ঠিকই পা দিলেন তৎকালীন নৃত্যশিক্ষক। অ্যাস্টোরিয়া বিপার কয়েক ব্লকের মধ্যেই বিপার একজন নৃত্য শিক্ষকসহ দুজন সদস্য আরেকটি স্কুল পরিচালনা পদে তাঁদের নাম লেখালেন, যেটা ছিল আমাদের স্কুল পরিচালনার নীতির বাইরে এবং বিপার চলার গতিকে শ্লথ করার প্রচেষ্টার প্রথম পর্যায়। একে একে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোর অন্য পরিচয় প্রকাশ পেতে শুরু করল। তাঁদের নাম উল্লেখ করে আজ তাঁদের ছোট করার কোনো অভিলাষ আমার নেই। আমি দেখেছি, বিপার বিরুদ্ধে সব অবস্থানই বিপার অগ্রযাত্রাকে অধিকতর গতিশীল করেছে। আমি ও সেলিমা আশরাফ সব সময় আমাদের লক্ষ্যে স্থির থেকেছি।
১৯৯৯ সালে একটি সফল নজরুল সম্মেলন আয়োজনের সময়টিতে নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট ব্যক্তিবিশেষের অভিযোগের ভিত্তিতে বিপার বেজমেন্ট পরিদর্শন করতে আসে এবং নিরাপত্তাজনিত কারণে এক দিনের নোটিশে জায়গা ছাড়তে আদেশ দেয়। কিন্তু থামানো যায়নি আমাদের পথচলা। দুই সপ্তাহের জন্য নজরুল সম্মেলনের মহড়া ও ক্লাস তদানীন্তন কস্তুরি কান্ট্রি ক্লাবের মধ্যে করা হলো উচ্চ ভাড়ায়। এর মাঝেই অ্যাস্টোরিয়ার ২৮ অ্যাভিনিউ ও ৩৪ স্ট্রিটে উচ্চতর ভাড়ায় পেয়ে গেলাম আরেকটি উপযুক্ত স্থান।
এর পরের ২০০০ থেকে ২০১৮ পর্যন্ত বিপার চিত্র শুধুই ক্রমবিকাশের। ২০০২ সালে বিপার আমন্ত্রণে টরন্টো থেকে সুকল্যাণ ভট্টাচার্য্য প্রথমবারের মতো নিউইয়র্কে বিপার প্রযোজনা ‘শতাব্দীর আগুন দেখেছি’ নৃত্যনাট্যে কোরিওগ্রাফি করলেন। এ সময় থেকে বিপার নাচে আধুনিক কোরিওগ্রাফির প্রভাব পড়ে, যাতে ছাত্র ও দর্শকেরা অভিনন্দন জানিয়েছেন। এরপর সুকল্যাণ ভট্টাচার্য্য সাগ্রহে ‘ওই নূতনের কেতন’ এবং ‘পান্থজনের সখা’ নৃত্যনাট্যে কোরিওগ্রাফি করেন। পাশাপাশি আমি নিয়মিতভাবে উপস্থাপন করেছি শিশু প্রযোজনাসমূহ যেমন: ‘ওরে মোর শিশু ভোলানাথ’, ‘প্রকৃতি বন্দনা’, ‘অ্যান্ড আই টু বিলং’, ‘জয় অব লিভিং’, ‘বুদ্ধু ভুতুম’, ‘সামান্য ক্ষতি’, ‘লালকমল নীলকমল’, ‘তাসের দেশ’। শিশুতোষ নৃত্যনাট্য ছাড়াও অপেক্ষাকৃত বড় ছাত্রদের নিয়ে নির্মিত হয়েছে ‘উত্তরণের ধারায়’, ‘যুগের স্বপ্নচারী’, ‘ভালোবাসা কারে কয়’, ‘নকশীকাঁথার মাঠ’, ‘চণ্ডালিকা’, ‘রবি’র ভাবে নায়িকা’, ‘ভাঙ্গার খেলা’, ‘নৃত্য নবছন্দে’, ‘তাসের দেশ’, ‘রূপসী বাংলা’ প্রমুখ। বৈশাখী প্রযোজনাসমূহ উপস্থাপন করা হয়েছিল জ্যামাইকা হিলক্রেস্ট হাইস্কুলে। পরবর্তীতে বিপার অনুষ্ঠানসমূহ উপস্থাপিত হয়েছে পিএস ১৭, পিএস ১১২, লং আইল্যান্ড সিটি হাইস্কুল, পিএস ২৩৪, পিএস ১৮২, পিএস ২৩০, কুইন্স থিয়েটার, কাম্বল থিয়েটার এবং সর্বশেষ আমাদের এ বছরের রজতজয়ন্তীর প্রযোজনা হচ্ছে ইয়র্ক কলেজ পারফর্মিং আর্টস সেন্টারে। বিপায় বিভিন্ন সময়ে নাচের বিশেষ কর্মশালা পরিচালনা করেছেন: লায়লা হাসান, শর্মিলা ব্যানার্জি, শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ, সুকল্যাণ ভট্টাচার্য্য, আনিসুল ইসলাম হিরু, সোহেল রহমান, ওয়ার্দা রিহাব, মেহরাজ হক তুষার প্রমুখ।
২৫ বছরের পথচলায় অনেক রকমের অভিযোগ ও আপত্তি আমাদের মোকাবিলা করতে হয়েছে। বিপার কয়েকজন প্রতিষ্ঠাকালের সদস্য ২০০০ সালে বিপার বিরুদ্ধে অবস্থান নিয়ে পত্রিকায় ঠিকানা পরিবর্তনের বিজ্ঞাপন দিলেন। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পরিচালক এবং তৎকালীন বাংলাদেশের কনসাল জেনারেলের কাছে গিয়ে ঠিকানা পরিবর্তনের কাগজ দাখিল করার ছবিসহ খবর প্রকাশ করা হলো বিভিন্ন সংবাদমাধ্যমে। পত্রিকাগুলো অতি আগ্রহের সঙ্গে প্রচার করল, এ্যানি ফেরদৌস ও সেলিমা আশরাফ দ্বারা পরিচালিত সব রকম কার্যকলাপ অবৈধ। বিপার স্কুলে ছাত্ররা বেতনের রসিদ দেখাতে পারলে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে। সব অপপ্রচার উপেক্ষা করে আমরা স্থির থেকেছি আমাদের লক্ষ্যে। অপেক্ষায় থেকেছি, যেন সময় তার উপযুক্ত জবাব দেয়।
এরপর দুজন ছাত্রীর সৃষ্ট সমস্যা ছিল বিপার জন্য আরেকটি চ্যালেঞ্জ, যা বিপা সাবলীলভাবে সামাল দিয়েছে। দুজনের অভিযোগ ছিল প্রধানত নাচের শিক্ষকের বিরুদ্ধে। ‘আপন শ্রেষ্ঠত্ব সম্পর্কে অতিরিক্ত প্রত্যয়’—এই ছিল ছাত্রীদ্বয়ের চারিত্রিক বৈশিষ্ট্য। একজন ছাত্রীর অভিযোগের জবাব দিতে উকিলের সাহায্য নিতে হয়েছিল। অপর ছাত্রীর দাম্ভিকতা ব্যাপক আকার ধারণ করেছিল তাঁর অভিভাবকদের সমর্থনে। এ ক্ষেত্রে তাদের দুজনকেই বিপা থেকে অব্যাহতি দিয়ে পথচলা সমীচীন বলে সব সদস্য মত দিয়েছিলেন।
২৫ বছরে অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিপার আজকের অবস্থানে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের নেতৃত্বের সঙ্গে রয়েছে সব সদস্য, ছাত্র, অভিভাবক ও অগণিত শুভাকাঙ্ক্ষীর আগ্রহ ও পূর্ণ সহযোগিতা। বিপার তিনটি শাখায় আমার সঙ্গে নৃত্য শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন মধুমিতা দাশগুপ্তা, নাদিয়া ইসলাম, তাসিন ফেরদৌস, জারীন মাইশা, আজমিরি মৌসুমী ও ফিরোজা সাঈদ জ্যোতি। উত্তরণের ধারায় বিপা তৈরি করেছে এমন অনেক উত্তরাধিকার, যারা বাংলা সংস্কৃতিকে বয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। বিপার এই সব উত্তরাধিকার আজ আমাদের নিজস্ব আয়োজন ছাড়াও অন্য অনেক সংগঠনের আয়োজনকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিপার কারখানায় তৈরি বাংলা সংস্কৃতির এই সব দূত দীর্ঘজীবী হোক, তারা সর্বত্র বাঙালিদের নেতৃত্ব দিক, দীপশিখা হাতে এগিয়ে চলুক আমাদের এই সব অনুপ্রাণিত ভবিষ্যৎ। আমার অভিনন্দন ও ভালোবাসা অবিরত বর্ষিত হবে তাদের জন্য।