
নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) বোমা হামলায় ছয় জন নিহত ও হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। আমেরিকার গুরুত্বপূর্ণ এই শহরে এটিই ছিল প্রথম কোনো বড় সন্ত্রাসী হামলার ঘটনা। আজ থেকে ২৫ বছর আগে হওয়া সেই হামলার দুঃসহ স্মৃতি এখনো রয়ে গেছে মানুষের মনে। ২৬ ফেব্রুয়ারি ছিল সেই ভয়াবহ ঘটনার ২৫ বছর পূর্তি। এই দিন ১৯৯৩ সালের ওই হামলায় নিহতদের স্মরণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ডব্লিউটিসির সেপ্টেম্বর ১১ মেমোরিয়াল প্লাজায়।
এই বোমা হামলায় সেই সময় ছয় জন নিহত ও এক হাজারের বেশি লোক গুরুতর আহত হন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন। ২৬ ফেব্রুয়ারি নিহতদের স্মরণে ডব্লিউটিসির সেপ্টেম্বর ১১ মেমোরিয়াল প্লাজায় সমবেত হয়েছিলেন বহু মানুষ। এর মধ্যে ছিলেন ওই হামলায় বেঁচে যাওয়া লোকজন, হামলার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা ও মামলার কৌসুলিরা। পঁচিশ বছর আগে সংঘটিত এই মর্মান্তিক হামলার ভয়াবহ স্মৃতিচারণ করে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।
১৯৯৩ সালের ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১৮ মিনিটে ডব্লিউটিসি ভবনে প্রথম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। মুহুর্মুহু বোমা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়েছিল নিউইয়র্কের প্রাণকেন্দ্র ডব্লিউটিসি। এই স্মরণ অনুষ্ঠানে তাই এদিন দুপুর ১২টা ১৮ মিনিটে উপস্থিত সবাই নীরবতা পালনের মধ্য দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় নিহতদের নাম একজন পড়ে শোনান। একই দিন সকালে ডব্লিউটিসির এক ব্লক পরে সেন্ট পিটার্স রোমান ক্যাথলিক চার্চে নিহতদের স্মরণে সবাই প্রার্থনাসভায়ও অংশ নেয়।
১৯৯৩ সালের এই হামলার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হাজার হাজার লোক সেদিন একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে এলোপাতাড়ি এদিক সেদিক ছুটছিল। হুড়মুড়িয়ে ভবন থেকে বেরোতে গিয়ে অনেকেই আহত হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অব্দি এই বোমা হামলাই ছিল আমেরিকায় সন্ত্রাসী হামলায় জন-আতঙ্কের সবচেয়ে বড় ঘটনা। তবে, আট বছর পরে টুইন টাওয়ারে বিমান হামলার ঘটনা এত বড় পরিসরে আতঙ্ক ও আলোচনা ছড়িয়েছিল যে, অনেকে ১৯৯৩ সালের হামলার ভয়াবহতা ভুলতে বসেছে।
সেপ্টেম্বর ১১ জাদুঘরের প্রেসিডেন্ট অ্যালিস গ্রিনওয়াল্ড এপিকে বলেন, নিউইয়র্ক শহরের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা ছিল ১৯৯৩ সালের এই বোমা হামলা। এই ঘটনার পরই পুরো আমেরিকা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে হিসেব-নিকেশ বদলাতে শুরু করে।
ডব্লিউটিসিতে সেপ্টেম্বর ১১ জাদুঘরে ১৯৯৩ সালের বোমা হামলার স্মৃতি নিয়ে স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। অ্যালিস বলেন, ‘জাদুঘরে ১৯৯৩ সালের বোমা হামলার প্রচুর নিদর্শন আমরা প্রদর্শনের ব্যবস্থা রেখেছি। ৯/১১ হামলার হামলার নিদর্শনগুলোও পরে এর সঙ্গে এক করে পুরো জাদুঘর দুটি হামলার স্মৃতি রক্ষার্থে সাজানো হয়েছে।’
১৯৯৩ সালের ২৬ ফেব্রুয়ারি ডব্লিউটিসি ভবনে মাটির নিচে গাড়ি রাখার গ্যারেজে প্রথম বোমা বিস্ফোরিত হয়। আন্তর্জাতিক ইসলামি জঙ্গি গোষ্ঠী তখন এই হামলার দায় স্বীকার করে। ছয় জন সন্দেহভাজন জঙ্গিকে বিচারের মুখোমুখি করা হয়। তারা সবাই এখন কারাগারে। এর মধ্যে এই হামলার অভিযুক্ত নেতা রামজি ইউসুফও রয়েছেন। এই রমজি ইউসুফ ৯/১১ এর হামলার আত্মস্বীকৃত প্রধান পরিকল্পনাকারী খালিদ শেখ মোম্মদের ভাতিজা।
স্মরণ অনুষ্ঠানে আসা প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, আনুমানিক ৫০ হাজার লোক সেই দিন ধোঁয়ায় কালো হয়ে যাওয়া ডব্লিউটিসি থেকে বের হয়ে বেঁচে যেতে সক্ষম হয়। বের হতে না পেরে অনেকে সেদিন ধোঁয়ায় আচ্ছন্ন সিঁড়ির ওপর অবস্থান নেয়, অনেকে লিফটের ভেতর আটকে পড়ে। সেখান থেকে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে। অনেকে বাঁচার জন্য ছাদে চলে গিয়েছিল। সেখান থেকে পুলিশ হেলিকপ্টারে তাদের উদ্ধার করা হয়েছিল।
১৯৯৩ সালের বোমা হামলায় নিহতদের স্মরণে ডব্লিউটিসিতে একটি স্মারক ঝরনা তৈরি করা হয়েছিল। পরে ৯/১১ এর হামলায় ঝরনাটি ধ্বংসপ্রাপ্ত হয়। তবে, নিহতদের নাম এখন একটি জলাধার নির্মাণ করে, তার ধারে খোদাই করে লেখা হয়েছে। সেখানে ৯/১১ এর হামলায় নিহতদেরও নাম লেখা হয়েছে।