২৬ বছরে পা রাখল জামালপুর জেলা সমিতি

পঁচিশ পেরিয়ে ছাব্বিশে পা রাখল জামালপুর জেলা সমিতি। এ উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে দিনটি। সদস্যদের জন্য দিনটি স্মরণীয় করে রাখতে অতি সম্প্রতি অ্যাস্টোরিয়া ক্লাব সনমে আয়োজন করা হয় বর্ষপূর্তির অনুষ্ঠানমালার।
অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা, তিন মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা এবং সাংস্কৃতিক পরিবেশনা। সংগঠনের সভাপতি মোর্শেদা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আবদুল কাদের মিয়া, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, মাসুদুল হাসান, কৃষিবিদ আশরাফুজ্জামান, শেরপুর জেলা সমিতির সভাপতি আলাউদ্দিন পলাশ ও সাবেক সভাপতি আনোয়ার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি কামাল, সহসভাপতি দৌলত আলম মিলন, আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাস্টিস, সহকারী সম্পাদক রবিউল ইসলাম (কমিশনার), সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু খন্দকার মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক আবু হায়াত মোস্তফা হেলাল, সাপ্তাহিক বর্তমান বাংলার সম্পাদক বেলাল আহমেদ, কার্যকরী সদস্য আহম্মদ রেজা খান পিপলু প্রমুখ।
আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান, মোহাম্মদ কামরুজ্জামান নান্নু ও মোহাম্মদ নাজমুল হক, সংগঠনের সভাপতি মোর্শেদা জামান, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ এবং আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আবদুল কাদের মিয়ার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শাহ মাহবুব, রানু নেওয়াজ, কৃষ্ণা তিথি সংগীত পরিবেশন করেন। জামালপুর সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে ঝিনাই নামক একটি স্মরণিকা প্রকাশ করা হয়। সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর খান ও সহকারী সম্পাদক রবিউল ইসলাম।
আগামী ৯ জুলাই জামালপুর জেলা সমিতির বনভোজন আয়োজন এবং সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। ৫ এপ্রিল সংগঠনের বিশেষ সভায় এ লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়। তিন সদস্যবিশিষ্ট কমিশনের সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার আবু খন্দকার মুরাদ, সদস্য নাসির ইকবাল ও বেলাল আহমেদ।