২৬ মার্চ মেরিল্যান্ডে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল্যান্ড সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম প্রথমবারের মতো শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। স্বাধীনতা দিবসকে ঘিরে সিলভার স্প্রিং শহরের রস্কো আর নিক্স এলিমেন্টারি স্কুল অডিটরিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মেট্রো ওয়াশিংটন এলাকায় বসবাসরত খ্রিষ্টান শিশু-কিশোরদের জন্য এই আয়োজন।
প্রতিযোগিতায় থাকবে অঙ্কন, বাংলা গান ও বাঙালি সাজে যেমন খুশি তেমন সাজ।
বেলা সাড়ে ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে ক্রেস্ট ও সার্টিফিকেট। এ ছাড়া যারা বিজয়ী হতে পারবে না, তাদের জন্য থাকবে সার্টিফিকেট ও মেডেল।
আয়োজকদের পক্ষে বিপুল এলিট গনছালভেস বলেন, প্রবাসের বুকে জন্ম নেওয়া শিশু-কিশোরেরা যেন তাদের শিকড় ভুলে না যায় এবং বাংলা সংস্কৃতির সঙ্গে যাতে তাদের পরিচয় করিয়ে দেওয়া যায়, সে জন্য এই অনুষ্ঠান। অনুষ্ঠানের একপর্যায়ে শিশুদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে।
অঙ্কনের বিষয় হবে বাংলাদেশের পতাকা, গ্রাম-বাংলার দৃশ্য ও শহীদ মিনার।
অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় থাকবে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, বাঙালি-আমেরিকান খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, বিসিসিএস ও বাংলাদেশ খ্রিষ্টান কেয়ার ইউনিট।
মিডিয়া পার্টনার হিসেবে থাকবে-বিডি খ্রিষ্টান নিউজ, নিউজ বাংলা, ওয়াশিংটন বাংলা, খবর ডট কম ও নিউজ বিডি ইউএস।

* লেখক: মেরিল্যান্ডের বাসিন্দা