২৮ ফেব্রুয়ারি নির্বাচন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএর স্থগিত হওয়া নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটি ২০২০-২২ মেয়াদের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন।
আশীষ রঞ্জন ভৌমিক জানান, ২০১৯ সালের ১০ অক্টোবর কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক্-এর নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হওয়ার পর অনিবার্য কারণে পরবর্তী কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে মামলার জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচন করা সম্ভব হয়নি। গত ১৮ নভেম্বর আদালতের নির্দেশে ও ট্রাস্টি বোর্ডের চিঠি মোতাবেক নির্বাচন কমিশন আগের স্থগিত নির্বাচনের পরবর্তী কার্যক্রমের তারিখ ঘোষণা করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের ১০ অক্টোবর বিক্রি করা ফরম ও তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির অফিসে মনোনয়নপত্র ২৬ ডিসেম্বর রাত ৫-১০টা পর্যন্ত সময়ের মধ্যে জমা নেওয়া হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১ জানুয়ারি রাত ৫-৯টা মধ্যে। এর পর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি রাত ৯টা। চূড়ান্ত তালিকা
প্রকাশ করা হবে ২২ জানুয়ারি। আর ভোটগ্রহণ ও নির্বাচন ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। নির্বাচনের মনোনয়ন ফি অপরিবর্তিত রয়েছে।
অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১৫টি পদে আগামী ২৮ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী সব কার্যক্রম সমিতির অফিসে সম্পন্ন হবে। তবে ভোট গ্রহণের স্থান পরে জানানো হবে। আশীষ রঞ্জন ভৌমিক জানান, নিউইয়র্ক নগরের কোভিড-১৯-এর নিয়মকানুন মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।
কোভিড-১৯ বা অন্য কোনো কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে, তা পত্রিকা ও সমিতির নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।