২৮০০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতি
মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিগত ২ হাজার ৮০০ বছরের তুলনায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কয়েক গুণ দ্রুতগতিতে বাড়ছে। এ উষ্ণায়নের জন্য শিল্পায়নজনিত তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। বিজ্ঞানীদের আশঙ্কা, ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৩১ সেন্টিমিটার পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। খবর গার্ডিয়ানের।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর সাময়িকীতে গত সোমবার নতুন এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। শতাব্দী ও সহস্রাব্দজুড়ে সমুদ্রপৃষ্ঠের উত্থান-পতনের রেখাচিত্র তৈরি করতে আন্তর্জাতিক একটি বিশেষজ্ঞ দল বিশ্বের ২০টির বেশি এলাকায় গবেষণা চালায়।
নতুন গবেষণা অনুযায়ী, ১৮৮০-এর দশক অথবা শিল্পবিপ্লবের আগ পর্যন্ত এক শতাব্দীতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার দ্রুততম বৃদ্ধি ঘটে তিন থেকে চার সেন্টিমিটার পর্যন্ত। কিন্তু বিংশ শতাব্দীতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে ১৪ সেন্টিমিটার। এ প্রসঙ্গে গবেষণার প্রধান গবেষক বব কপ বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিংশ শতাব্দীই সবচেয়ে দ্রুততম ছিল। কারণ হিসেবে পেট্রলের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করেন তিনি। এ ছাড়া ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৮ থেকে ১৩১ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে বলেও সতর্ক করে দিয়েছেন ওই বিজ্ঞানীরা।