৩০ কোটি ডলারের লটারি জিতলেন ট্রাক চালক

নিউইয়র্কের ৫৬ বছর বয়সী ডেভিড জনসন ২৯৮.৩ মিলিয়ন (প্রায় ৩০ কোটি) ডলারের লটারি জিতেছেন। পাওয়ার বল নামে পরিচিত এ লটারির তিনিই একমাত্র জ্যাকপট বিজয়ী। নিউইয়র্ক স্টেটের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জ্যাকপট বিজয়ী ডেভিড জনসন।
২৫ জানুয়ারি কুইন্সের রিসোর্টস ওয়ার্ল্ড ক্যাসিনোতে ইয়োলান্দা ভেগ লটারি বিজয়ী হিসেবে পূর্ব নিউইয়র্কের বাসিন্দা ডেভিড জনসনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে জনসন বলেন, ক্রিসমাসের পর তিনি অসুস্থ থাকা সত্ত্বেও কাজ করেছেন; যাতে তিনি নতুন বছরের ছুটির বেতন পান । তিনি সব সময়ের মতো তাঁর ট্রাকে গ্যাস নিতে গিয়ে মিনিমার্ট থেকে ৫ ডলারের লটো খেলে থাকেন। রবারে মেগা মিলিয়নস ও পাওয়ার বল টিকিট কিনেছিলেন। জনসন দ্রুত বেছে নিয়েছেন তাঁর নম্বর যথাক্রমে ২৫,২৫,৩৮,৫২ ও ৬৭ সঙ্গে পাওয়ার বল নম্বর ২৪। লটারির টিকিট কেনার পরের দিন অসুস্থ হয়ে পড়েন জনসন। তখন তাঁর বন্ধু তাঁকে ফোন করে বলেন যে এবারের বিজয়ী টিকিটটি ওই গ্যাস স্টেশন থেকে বিক্রি করা হয়েছে। উত্তরে জনসন হেসে বলেছেন, “বিজয়ী আমি নই এবং আমার ভাগ্য অত ভালো নয়।” তখনো তিনি নিজের টিকিটের সঙ্গে বিজয়ীর সংখ্যা মিলিয়ে দেখেননি।
২৫ জানুয়ারি তিনি নিজের টিকিট স্ক্যান করেন এবং তখনই বুঝতে পারেন যে তিনিই সেই ভাগ্যবান বিজয়ী। সঙ্গে সঙ্গে আনন্দে লাফ দিয়ে ওঠেন। তারপর নিজের গাড়িতে বসে গান শুনতে শুনতে বাসায় ফিরে আসেন এবং আর কাজ না করার মনস্থ করেন । বাড়ি ফিরে জনসন স্ত্রী-কন্যাকে সুসংবাদটি জানান। স্ত্রী বিশ্বাস না করলেও মেয়ে খুশিতে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে জনসন নিজের বিজয় আনন্দ প্রকাশ করেননি এবং পুরস্কার দাবি করেননি। তিনি জানান, সবচেয়ে নিরাপদ স্থানে টিকিটটি রেখে দিয়েছিলেন যাতে চুরি বা হারিয়ে না যায় ।
জনসনের বিজয়ী অঙ্ক থেকে সরকারি কর দেওয়ার পর দুই বারে যথাক্রমে ১৮০ মিলিয়ন ও ১১৪ মিলিয়ন গ্রহণ করবেন বলে ঠিক করেছেন। এই টাকায় তিনি একটি লাল পোরশে গাড়ি ও একটি সুন্দর ঘর কেনার কথা ভাবছেন। এখন ব্রুকলিনে থাকলেও নিউইয়র্কের জ্যামাইকায় বেড়ে উঠেছেন জনসন। নিজের এলাকা থেকে অনেক দূরে যাওয়ার কথা ভাবতে পারেন না। তিনি বলেন ‘নিউইয়র্ক আমার প্রাণের শহর। আমি এখানেই থাকতে চাই।’