৩০ বছর ধরে নিউইয়র্কে সংসারের ভাঙা-গড়ার সাক্ষী

করোনাভাইরাস নামের অদৃশ্য শত্রুর কবলে থমকে গেছে স্বাভাবিক জীবন। বিশ্বের সবচেয়ে কোলাহলের নগরেও কোথাও কোলাহল নেই। একের পর এক অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংবাদে বাতাস ভারী হচ্ছে। আবার নতুন ভূমিষ্ঠ হওয়া শিশুর চিৎকারে জীবনের স্পন্দনও জেগে উঠছে।
এর মধ্যেও থেমে নেই মানুষের প্রণয়-ভালোবাসা। থেমে নেই মানুষের ঘর বাঁধার প্রথাগত প্রয়াস। করোনার কারণে নিউইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো সশরীরে উপস্থিত না হয়ে বিয়ের নিবন্ধন করা যাচ্ছে। নগরের মেয়র নির্বাহী আদেশ জারি করে নবদাম্পতিদের জন্য সুবিধাটি উন্মুক্ত করে দিয়েছেন।
আমেরিকায় করোনাকালের এই দুর্দিনেও ব্যস্ত সময় কাটাচ্ছেন কাজী কায়্যূম। গত প্রায় তিন দশক আগে নিউইয়র্কে মুসলিম দম্পতিদের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ শুরু করেন কাজী কায়্যূম। আমেরিকার আইনে বিয়ে অবশ্যই একটি সিভিল কন্টাক্ট। বিয়ের জন্য উভয় পক্ষকে সশরীরে নগরভবনে উপস্থিত থাকতে হয়। আইনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। নগর কর্তৃপক্ষের ধরিয়ে দেওয়া কাগজের সূত্র ধরে বিয়ে করতে ইচ্ছুক যুগল বিয়ে করেন নিজ নিজ ধর্ম ও সংস্কৃতির ঐতিহ্য অনুযায়ী। সাম্প্রতিক সময়ে নিউইয়র্কসহ বহু অঙ্গরাজ্যে শুধু বিপরীত লিঙ্গের মধ্যেই নয়, সমলিঙ্গের মানুষের মধ্যেও বিয়ে হচ্ছে।
নিউইয়র্কের কাজী অফিসের ইমাম কাজী কায়্যূম শুধু মুসলমানদের মধ্যেই বিয়ে পড়াচ্ছেন, এমন নয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন ভিন্ন বিশ্বাসের মানুষেরও। 'ইন্টারফেইথ বিয়ে' নামের এসব দাম্পত্য পশ্চিমা সমাজে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
করোনার এই লকডাউনের সময়ে সিটি অফিসসহ সবকিছুই বন্ধ দুই মাসের বেশি সময় ধরে। কবে আবার স্বাভাবিক কাজকর্মে সবাই ফিরবে, তার কোন নিশ্চয়তা নেই এখনো। এর মধ্যেই বেশ কিছু বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন কাজী কায়্যূম।
প্রথম আলো উত্তর আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, লকডাউনের আগে সপ্তাহে গড়ে তিনটা বিয়ের কাজ তাঁকে সমাধান করতে হতো। প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভিন্ন কমিউনিটির লোকজনও তাঁর কাছে আসেন বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য। জানালেন, করোনাকালের আচমকা ধাক্কায় বহুজনের বহু পরিকল্পনা ভেস্তে গেছে। যুক্তরাষ্ট্রের ব্যস্ত জীবনধারায় অনেকেই দীর্ঘ পরিকল্পনা করে বিয়ের সময়টি ঠিক করে। হুটহাট করে যে বিয়ে হয় না, এমনও নয়। কাজী কায়্যূম জানালেন, গত দুই মাসের অবরুদ্ধ বাস্তবতায় তিনটি বিয়ের আনুষ্ঠানিকতা তিনি সম্পন্ন করেছেন।
এসব বিয়ে কীভাবে হচ্ছে জানতে চাইলে কাজী কায়্যূম বলেন, সামাজিক দূরত্ব মেনে নিয়েই এসব বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। ফেসটাইমের মাধ্যমে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে হচ্ছে। দম্পতি সংসার শুরু করবে হয়তো পরে, সেরে নিচ্ছে বিয়ের ধর্মীয় বা সাংস্কৃতিক আনুষ্ঠানিকতাটা।
কাজী কায়্যূম বলেন, দম্পতিরা সিটি অফিসে যোগাযোগ করছেন। তাদের জানিয়ে দেওয়া হয়েছে, সশরীরে নগরভবনে উপস্থিত হওয়ার দরকার নেই। মেয়র ডি বাজিও জানিয়েছেন 'কুপিড" নামের একটি প্রযুক্তিগত সুবিধা তারা চালু করেছেন। nyc. gov/Cupid এ লগ অন করেই বিয়ের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া যাবে এবং লাইসেন্স ডাউনলোড করা যাবে। নগরীর ইতিহাসে প্রথমবারের মতো এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মেয়র জানান। মেয়র বলেছেন, অন্য যেকোনো সময়ের চেয়ে আনন্দ মুহূর্তের বেশি প্রয়োজন এখন। ভালোবাসার সামনে মহামারি বাধা হয়ে দাঁড়াতে পারে না বলে তিনি উল্লেখ করেন। যারা দাম্পত্য করতে চান, তাদের পাশে নগরী আনন্দের সঙ্গে থাকছে বলে মেয়র জানিয়েছেন।
ইমাম কাজী কায়্যূম জানান, গ্রীষ্মের মৌসুমে বিয়ের করার পরিকল্পনা করা হয়ে থাকে আমেরিকার আবহাওয়ার দিকে খেয়াল রেখে। তার কাছে আসা প্রবাসী বাংলাদেশিদের নব্বই ভাগ দম্পতিই আসেন নিজেদের পছন্দে পরস্পরকে ভালোবাসে দাম্পত্য করার অঙ্গীকার নিয়ে। কিছু সংখ্যক আসেন পরিবারের পছন্দের দাম্পত্যে। এ সংখ্যাটি এখানে খুবই কম। কাজী কায়্যূম জানালেন, আমাদের প্রবাসী বহু পরিবার ভিন্ন ধর্ম বর্ণের মধ্যে বিয়েকে প্রথমে মেনে নিতে অস্বীকার করেন। এ ক্ষেত্রে কাজী কায়্যূম কাউন্সেলিং করেন বলে জানালেন। প্রাপ্ত বয়স্কদের মধ্যে দাম্পত্য করার জন্য পারস্পরিক ভালোবাসাই মূল কথা বলে তিনি সবাইকে বুঝিয়ে থাকেন। ভিন্ন ধর্মের অনেকেই ভালোবেসে ধর্মান্তরিত হোন। সে ক্ষেত্রেও কাজী কায়্যূম দম্পতিকে যথেষ্ট চিন্তাভাবনা করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন। সময় নিয়ে দম্পতি সিদ্ধান্ত নিলেই আনুষ্ঠানিকতার কাজটি করে দেন ইমান কাজী কায়্যূম।
কাজী কায়্যূম বলেন, তিনি দম্পতিকে স্মরণ করিয়ে দেন বিয়ে করা এখানে সহজ। বিয়ে বিচ্ছেদের সমস্যাটা বেশ জটিল। কাজী কায়্যূমের কাছ থেকে জানা গেল, বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিকতাও তিনি করে থাকেন। দম্পতিকে বোঝানোর চেষ্টা করেন। সিদ্ধান্ত নিয়েই ফেললে এখানকার আইনের দীর্ঘ প্রক্রিয়ায় বিচ্ছেদের কাজে দম্পতিকে নামতে হয়। ইমাম কাজী কায়্যূম ধর্মীয় তালাক বা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেন।
লকডাউনের সময় নিউইয়র্কের প্রথম বিয়েটি পড়ান বাংলাদেশি এক দম্পতির। নগরের কুইন্স ভিলেজে কনে এবং ফরেস্ট হিলের ঘরে আটকে পড়া বর। দুজনই কোয়ারেন্টিনে ছিলেন। ফেসটাইমের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন কাজী কায়্যূম। গত সপ্তাহে সম্পন্ন করেছেন নিউজার্সি ও নিউইয়র্কের বর-কনের এক বিয়ে। পাত্রী বাংলাদেশি আমেরিকান। পাত্র আমেরিকান ক্যাথলিক। পাত্র ধর্মান্তরিত হলে বিয়ের কাজটি সহজ হয়ে পড়ে কাজী কায়্যূমের। ভিডিও কলের মাধ্যমে এ বিয়েটিও সমাধানের অভিজ্ঞতার কথা জানালেন।
এসব সেবার জন্য কী পরিমাণ মাশুল গুনতে হয় দম্পতিকে—এমন প্রশ্নের জবাবে ইমাম কাজী কায়্যূম বলেন, প্রতিটি বিয়ের কাজ আলাদা আলাদা। এ জন্য সার্ভিস চার্জও আলাদা হয়ে থাকে। তিন শ ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত উঠানামা করে। করোনার এই সময়ে সার্ভিস চার্জ কমই নিচ্ছেন।
তিন দশক ধরে নিউইয়র্কে মানুষের দাম্পত্য গড়ার কাজে আনন্দের সঙ্গী কাজী কায়্যূম। জানালেন, বিচ্ছেদের জন্য আসা দম্পতির কাজ করতে গিয়ে মাঝেমধ্যে বিমর্ষ হতে হয়। ভালোবাসার স্পন্দনে যখন বন্ধনের দৃশ্য দেখেন প্রতিবারই আপ্লুত হন। করোনাকালের এসব ঘরবাঁধার সাক্ষী হওয়াকে ঐতিহাসিক মনে করেন তিনি। জানালেন, 'আমরা এখনো জানি না, সামনে কী অপেক্ষা করছে। তবে জানি, মানুষের ভালোবাসা সব বাধা অতিক্রম করেই এগিয়ে যাবে। দাম্পত্যের শৃঙ্খলায় মধ্য দিয়ে সমাজ-সভ্যতা এগিয়ে যাবে তাঁর অভীষ্ট লক্ষ্যে।'