৩১০০ মাইল দৌড় শুরু জ্যামাইকায়, অংশ নিচ্ছেন ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টমাস এডিসন হাইস্কুল চত্বরে একজন দৌড়বিদ
টমাস এডিসন হাইস্কুল চত্বরে একজন দৌড়বিদ

শ্রী চিন্ময় ম্যারাথন দলের উদ্যোগে ১৮ জুন বাবা দিবস থেকে ৩ হাজার ১০০ মাইল দৌড় শুরু হয়েছে। ৫২ দিনে দৌড়বিদেরা এই দীর্ঘ পথ অতিক্রম করবেন। চলতি বছর এ দৌড়ের ২১তম বার্ষিকী পূর্ণ হচ্ছে। এবার ম্যারাথনে চারজন নারীসহ মোট ১১ দৌড়বিদ অংশ নিচ্ছেন। রাশিয়া, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আমেরিকা, নিউজিল্যান্ডসহ মোট সাতটি দেশের সেরা দৌড়বিদ এতে অংশ নিচ্ছেন।

প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টা তাঁদের গড়ে প্রতিদিন ৬০ মাইল বা ৯৬ কিলোমিটার দৌড়াতে হবে। এভাবে তাঁরা ৫২ দিনে ৩ হাজার ১০০ মাইল দৌড়াবেন। প্রচণ্ড শারীরিক ও মানসিক ইচ্ছাশক্তি, ধৈর্য ও মনোবল থাকলেই শুধু এই দৌড়ে অংশ নেওয়া সম্ভব। কারণ, এক সপ্তাহ পরেই সবার পায়ের তালুতে ও আঙুলে ফোসকা পড়ে ঘা হয়ে যায়। পায়ের পেশিতে প্রচণ্ড ব্যথা শুরু হয়। চরম অসহনীয় শারীরিক ও মানসিক বিপর্যয়ের পরিস্থিতিতে খুব কম মানুষের পক্ষেই এই দৌড় চালিয়ে যাওয়া সম্ভব।

প্রথম আলো উত্তর আমেরিকার প্রতিনিধি জ্যামাইকার টমাস এডিসন হাইস্কুল প্রাঙ্গণে দৌড়বিদদের পরিদর্শনে গেলে সেখান ৬৭ বছর বয়সী মার্কিন নাগরিক মি. সহিষ্ণুর সঙ্গে দেখা হয়। তিনি বলেন, এঁদের মধ্যে নিকটাত্মীয়ের মৃত্যুর কারণে কেবল একজন রুশ দৌড়বিদ আসতে পারেননি। আরেকজন নিজে অসুস্থ হয়ে বিরতি নিয়েছেন। এ ছাড়া বাকি সবাই সুস্থ আছেন।

শ্রী চিন্ময় নিজেও ছিলেন একজন ক্রীড়াবিদ। তিনি নানা খেলায় অংশ নিলেও দৌড়ই ছিল তাঁর সবচেয়ে প্রিয় খেলা। একবার তিনি দৌড়ে নিউইয়র্ক থেকে শিকাগো গিয়েছিলেন। দীর্ঘ দৌড়ের মাধ্যমে তিনি মানবজাতিকে নিজের সীমা অতিক্রমের এক নতুন পর্যায়ে দেখতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন আজ স্বপ্ন নয় বাস্তব। ২১ বছর ধরে দৌড়বিদেরা সেটি করে দেখিয়েছেন। অনেকে বরং আরও বেশি দৌড়ে দেখিয়েছেন যে, মানুষের পক্ষে আরও বেশি কিছু করাও সম্ভব। শুধু ছেলেরা নয়, মেয়েরাও ৫২ দিনের আগে ৩ হাজার ১০০ মাইল দৌড় শেষ করেছেন। তাঁদের মধ্যে আছেন অস্ট্রিয়ার সুরাসা মেইরার (৫৬), আমেরিকার সুপ্রভা বেকজোড (৪২), অস্ট্রেলিয়ার সারাহ বার্নেট (৩৮), স্লোভাকিয়ার কনিনিকা জানাকোভা (৪৬), অস্ট্রিয়ার নিদ্রুভি জিমারমেন (৪৭) এবং রাশিয়ার জয়সালিনি ওলগা (৩৩)। ফিনল্যান্ডের ছেলে অসপ্রিহানল অল্টো (৩৮) মাত্র ৪০ দিনে এই দৌড় শেষ করেন। প্রতিদিন গড়ে তিনি দৌড়েছেন ১২৩ কিলোমিটার বা ৭৭ মাইলের মতো। ইতিহাস বইয়ে পড়েছিলাম, দিল্লির মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর ঘোড়ায় চড়ে প্রতিদিন ৮০ মাইল যেতে পারতেন। আর এ যুগের দৌড়বিদেরা দুই পায়ে দৌড়েই এই দূরত্বে যেতে পারেন।

বিশ্বের সেরা ক্রীড়ার আসর অলিম্পিক। তাতে যে খেলোয়াড়েরা অংশ নেন তাঁদের বয়স থাকে সাধারণত ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। কিন্তু শ্রী চিন্ময়ের অনুপ্রেরণায় ইউরোপ-আমেরিকার দেশগুলোতে পাঁচ শতাধিক খেলার আয়োজন করা হয়। এসব খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বেশি বয়সী মানুষই অংশগ্রহণ করেন বেশি। ৩ হাজার ১০০ মাইল দৌড়েও চলতি বছর যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের গড় বয়স ৪৮ বছরের একটু বেশি। চলতি বছর নারীদের মধ্যে অংশ নিয়েছেন ৫৯ বছর বয়সী আমেরিকার ক্যালিফোর্নিয়ার ইউলোন্ডা হোল্ডার। তিনি এই দৌড়ের ইতিহাসে অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বয়স্ক নারী। তিনি বিশ্বের সবচেয়ে দ্রুত দৌড়ের রেকর্ড সৃষ্টিকারী নারীও। গত জানুয়ারিতে তিনি ৬ দিনে ৪১০ মাইল দৌড়ে রেকর্ড সৃষ্টি করেন।

অবিশ্বাস্য এই দৌড় দেখার জন্য আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকার মানুষও আসেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যহীনতা ও আলস্য দূর করে কঠোর পরিশ্রম ও সাধনার পথে অনুপ্রাণিত করতে ৭ আগস্টের আগেই জ্যামাইকা ১৬৪ স্ট্রিট ও ৮৪ অ্যাভিনিউয়ে অবস্থিত টমাস এডিসন হাইস্কুল চত্বরে ভোর ৬টা থেকে রাত ১২টার মধ্যে এই দৌড় দেখার আহ্বান জানান শ্রী চিন্ময় ম্যারাথন দলের সদস্যরা।