৩৩তম ফোবানা সম্মেলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠেয় ৩৩তম ফোবানা সম্মেলন নিয়ে স্বাগতিক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে নিউইয়র্কের জ্যামাইকায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাগতিক কমিটির আহ্বায়ক নার্গিস আহমেদ। সভাটি পরিচালনা করেন কমিটির সদস্যসচিব আবীর আলমগীর। সভায় উপস্থিত ছিলেন স্বাগতিক কমিটির সভাপতি ড. দেলওয়ার হোসাইন।
সভায় এ ছাড়া উপস্থিত ছিলেন ফোবানা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, স্বাগতিক কমিটির প্রধান উপদেষ্টা ও ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, ফোবানা মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান শিব্বীর আহমেদসহ কমিউনিটির নেতৃবৃন্দ। সভায় আসন্ন ৩৩তম ফোবানা সম্মেলনকে সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সম্মেলন নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাগতিক কমিটির আহ্বায়ক নার্গিস আহমেদ ও সদস্যসচিব আবীর আলমগীর।
উল্লেখ্য, আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর নিউইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কলোসিয়ামে বসবে ৩৩তম ফোবানার জমকালো আসর। তিন দিনব্যাপী এ সম্মেলনের স্বাগতিক সংগঠন ড্রামা সার্কেল। ফোবানার ইতিহাসে এই প্রথম এত বড় একটি ভেন্যুতে সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আসন্ন এ সম্মেলনে ৮ থেকে ১০ হাজার বাংলাদেশির সম্মিলন ঘটিয়ে একটি ঐতিহাসিক ফোবানা সম্মেলন উপহার দেওয়ার লক্ষ্যে স্বাগতিক কমিটির প্রায় সাড়ে ৩০০ কর্মী কাজ করছেন।
সম্মেলনকে সফল করতে গঠন করা হয়েছে নানা কমিটি। এর মধ্যে ম্যাগাজিন কমিটি, ট্রান্সপোর্টেশন কমিটি, আপ্যায়ন কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি, সাংস্কৃতিক কমিটি, নিরাপত্তা কমিটি ইত্যাদি উল্লেখযোগ্য। এ ছাড়া সম্মেলনে মিস ফোবানা ২০১৯ ও ফোবানা মিউজিক আইডল ২০১৯ নির্বাচনের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকছে আকর্ষণীয় ফ্যাশন শোয়ের আয়োজন।
ইতিমধ্যেই সম্মেলনের টিকিট অনলাইনে বিক্রয় শুরু হয়েছে। টিকিটমাস্টার ডটকম থেকে সম্মেলনের টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া ১-৮০০-৬১৫-৪০৮১ নম্বরে যোগাযোগ করেও টিকিট সংগ্রহ করা যাবে। এরই মধ্যে শুরু হয়েছে সম্মেলনের হোটেল বুকিং। https://fobana2019.fobanaonline.com/ ওয়েবসাইটে গিয়ে হোটেল বুকিং দেওয়া যাবে। ৩৩তম ফোবানা সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজক কমিটির আহ্বায়ক নার্গিস আহমেদ (৯১৭-৮৩৩-৮৯৭৪) ও সম্মেলনের সদস্যসচিব আবীর আলমগীরের (৩৪৭-৭২৪-৯৫১৮) সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।