৩৫ মিলিয়ন ডলার জালিয়াতি তদন্ত করছে এফবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাই পে-রোল এইচআর নামের একটি পে-রোল প্রসেসিং সংস্থা জালিয়াতির মাধ্যমে ৩৫ মিলিয়ন ডলার ব্যাংকিং সিস্টেম থেকে সরিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এফবিআই।

দেশজুড়ে অগণিত চাকরিজীবীর নেগেটিভ ব্যাংক ব্যালেন্স রেখে সংস্থাটি নিজেদের গুটিয়ে নেওয়ার পর বিষয়টি এফবিআইয়ের নজরে আসে। এরপর থেকেই সন্দেহভাজন ওই সংস্থার সঙ্গে যুক্ত সব অফিস নিয়ে তদন্ত শুরু করে এফবিআই।

আলবেনিতে এফবিআই কার্যালয় থেকে ১৮ সেপ্টেম্বর করা এ সম্পর্কিত এক টুইট বার্তায় বলা হয়, মাই পে-রোল এইচআর ও এর সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান এ জালিয়াতির সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। এ সম্পর্কিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।

মাই পে-রোল এইচআর গত সপ্তাহে আলবেনির উত্তরে ক্লিফটন পার্কের কাছে থাকা তাদের কার্যালয় হঠাৎ বন্দ করে দেয়। এ বিষয়ে অবহিত করে তারা তাদের চার হাজার ক্লায়েন্টকে একটি স্বয়ংক্রিয় বার্তা পাঠিয়েছে কেবল। সেখানে তারা জানিয়েছে, বেতন বণ্টনের কাজটি তারা আর করতে পারছে না।

এই বার্তা ‘অপ্রত্যাশিত ও উদ্বেগজনক’ পরিস্থিতি তৈরি করেছে। এতে বেশ কিছু কোম্পানি রীতিমতো বিপদে পড়েছে। তারা সব অফিস ও ছোট বড় কোম্পানিকে বেতন বণ্টনের বিকল্প পদ্ধতির সন্ধান করার পরামর্শ দিয়ে চলে যায়। শুধু কোম্পানি কেন কিছু চাকরিজীবীর
ব্যাংক অ্যাকাউন্টে নেগেটিভ ব্যালেন্সও দেখাচ্ছে।

এ প্রসঙ্গে গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, ‘মাই পে-রোল এইচআর-এর বেপরোয়া পদক্ষেপের কারণে অঙ্গরাজ্য ও দেশজুড়ে ব্যাংকে নেগেটিভ অ্যাকাউন্ট ব্যালেন্স শো করেছে। এর সুরাহা করা হবে। পরিশ্রমী মানুষদের কাছ থেকে কাউকে অর্থ হাতিয়ে নিতে দেওয়া হবে না।’