৩৬ বছর সাজা ভোগের পর...

খুনের দায়ে সাজা খাটছিলেন এক ব্যক্তি। বছরের পর বছর ধরে ছিলেন কারাগারে। সম্প্রতি এক বিচারকের সন্দেহ জেগেছে তাঁর অপরাধ নিয়ে। আদৌ কি তিনি খুন করেছিলেন? এই সন্দেহই ওই ব্যক্তিকে কারাগার থেকে বের হওয়ার সুযোগ করে দিল। কিন্তু এর মধ্যে পার হয়ে গেছে তিন যুগ, মানে ৩৬ বছর।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারাগার থেকে বের হয়ে আসেন মাইকেল হ্যানলাইন নামের ওই ব্যক্তি। তাঁর বয়স এখন ৬৮ বছর। হ্যানলাইন বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।
জে টি ম্যাকগ্যারি নামের এক মোটরসাইক্লিস্টকে হত্যার দায়ে ১৯৭৮ সালে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় হ্যানলাইনকে। এই সাজায় প্যারোলের কোনো সুযোগ নেই।
আজ মঙ্গলবার এএফপির খবরে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলীয় ভেনচুরা কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গ্রেগরি টটেন বলেন, তদন্তে নতুন তথ্যপ্রমাণ পাওয়ার পর মাইকেল হ্যানলাইনের বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে সংশয় দেখা দেয়। এতে মামলাটি পুনর্বিচারের সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি মামলার পুনর্বিচার নিয়ে শুনানি হতে পারে।