৪ মাস পর আবারও যুক্তরাষ্ট্রের হাসপাতালে ১ লাখ রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংক্রমণ বাড়ছে শিশুদের। এরপরও তাদের টিকা দিতে নারাজ অভিভাবকেরা। এ জন্য প্ল্যাকার্ড হাতে নারী। ৩ জানুয়ারি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ শনাক্ত হওয়ার পর সেখানকার পরিস্থিতি নতুন দিকে মোড় নিচ্ছে। প্রায় চার মাস যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোয় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৬ সংখ্যা হলো। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশটিতে এখন এক লাখ তিন হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, দেশটিতে করোনায় সংক্রমিত রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছিল প্রায় এক বছর আগে, গত বছরের ১৪ জানুয়ারি। ওই দিন হাসপাতালে ভর্তি ছিল ১ লাখ ৪২ হাজারের বেশি রোগী। এরপর এ সংখ্যা কমেছে। কিন্তু গত বছরের ১১ সেপ্টেম্বর দেশটিতে আবারও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। এরপর সংক্রমণ ও হাসপাতালে ভর্তি—দুটিই কমতে থাকে। গত নভেম্বরের শুরুর দিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৫ হাজারের নিচে নেমে আসে। কিন্তু এরপর নিয়মিত হারে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে।

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের ব্যবধানে অবিশ্বাস্যভাবে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। দেশটির স্বাস্থ্য দপ্তর গত সোমবার (২৭ ডিসেম্বর) জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোয় ৭১ হাজার রোগী ভর্তি রয়েছেন, অর্থাৎ এর ঠিক ১ সপ্তাহের মধ্যে ৩০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হলেন।

মার্কিন সরকারের স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, দেশটির হাসপাতালে করোনায় আক্রান্ত শিশুর ভর্তির হারও বাড়ছে। এ প্রসঙ্গে ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জে বি প্রিৎজকার বলেন, গত ডিসেম্বরের তুলনায় বর্তমানে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা তিন গুণ। আর নিউজার্সি অঙ্গরাজ্যের স্বাস্থ্যবিষয়ক কমিশনার জুডি পার্সিচিলি বলেন, এই অঙ্গরাজ্যে সাত দিনের ব্যবধানে হাসপাতালে করোনায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে দ্বিগুণ।

এদিকে অমিক্রন ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে এ নিয়ে গবেষণা চলছে। গবেষকেরা বলছেন, অমিক্রন দ্রুত ছড়াতে পারে। তবে এতে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি কম।

কিন্তু এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেলর কলেজ অব মেডিসিনের ন্যাশনাল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ডিন পিটার হোটেজ। তিনি বলেন, অমিক্রনে শুধু সংক্রমণ মৃদু হবে, এই তথ্য সঠিক নয়। দেশটিতে আক্রান্ত অনেক শিশু গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তবে এই পরিস্থিতিতেও শিশুদের টিকা দিতে চাইছেন না যুক্তরাষ্ট্রের অনেক অভিভাবক। এর প্রতিবাদও হয়েছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। গতকাল সোমবার ক্যালিফোর্নিয়ার হানটিংটন সৈকতে বিক্ষোভ হয়।