যুক্তরাষ্ট্র সরকার গত বৃহস্পতিবার বলেছে, কম্পিউটার হ্যাকাররা তাদের কমপক্ষে ৪০ লাখ সাবেক ও বর্তমান কর্মীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে। এই বিরাট সাইবার হামলার ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে চীনের দিকে। তবে বেইজিং বলেছে, এর সঙ্গে তাদের জড়ানো ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজ। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
মার্কিন সরকারের কর্মী ব্যবস্থাপনা দপ্তর (ওপিএম) জানিয়েছে, গত এপ্রিল মাসে এই হ্যাকিংয়ের বিষয়টি ধরা পড়ে। প্রতিবছর যেসব নতুন কর্মী মার্কিন সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ পেয়ে থাকেন, তাঁদের অতীত ইতিহাস তদন্ত ও নিরাপত্তা ছাড়পত্র-সংক্রান্ত হাজার হাজার স্পর্শকাতর নথিপত্র দেখভাল করার দায়িত্ব ওপিএমের।
প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা ও গোয়েন্দাদের তথ্যও এই হ্যাকের শিকার হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কারা এই হ্যাকিংয়ে জড়িত, সরকার আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু বলেনি। তবে প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকাসহ অন্যান্য মার্কিন গণমাধ্যম প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, চীনা হ্যাকাররা এর সঙ্গে জড়িত।
ওপিএম জানিয়েছে, কর্মীদের তথ্য আর যাতে এমন হ্যাকিংয়ের শিকার না হয়, সে জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। নতুন পদক্ষেপগুলোর মধ্যে থাকবে দূর থেকে তথ্যে প্রবেশে (রিমোট অ্যাকসেস) কড়াকড়ি আরোপ, ব্যবসায়িক সম্পৃক্ততা খতিয়ে দেখা এবং অ্যান্টি-ম্যালওয়ার সফটওয়্যার ব্যবহার।
মার্কিন কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে একের পর এক সাইবার হামলার সাম্প্রতিকতম ঘটনা এটা।
প্রেসিডেন্ট ওবামা চীন ও রাশিয়ার সাইবার হামলার সক্ষমতাকে ‘খুবই ভালো’, ইরানের ক্ষেত্রে ‘ভালো’ এবং উত্তর কোরিয়ার ক্ষেত্রে ‘বিশেষ ভালো’ নয় বলে আখ্যা দিয়েছেন। বেইজিং সম্প্রতি একটি শ্বেতপত্র প্রকাশ করে যেখানে বলা হয়েছে, তারা দেশের সামরিক বাহিনীর ভেতরে একটি সাইবার বাহিনী গড়ে তুলবে।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চীন থেকে পরিচালিত কথিত সাইবার হামলার ব্যাপারে উদ্বেগ জানিয়ে আসছে। তবে চীন বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র ঝু হাইকুয়ান বলছেন, এমন সাইবার হামলা চীনা আইনে অনুমোদিত নয়। তিনি বলেন, ‘ হুট করে এ সিদ্ধান্তে উপনীত হওয়া এবং ধারণার ভিত্তিতে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন কাজ। এমন কাজ উল্টো ফল বয়ে আনে।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যও একই।