৪০ হাজার সেনা কমাবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাবাহিনীর আকার ছোট হতে যাচ্ছে। ব্যয় সংকোচন নীতির আওতায় আগামী দুই বছরের মধ্যে ৪০ হাজার সেনা ছাঁটাই করবে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত পত্রিকা ইউএসএ টুডের মঙ্গলবারের এক প্রতিবেদনে সেনাসংখ্যা কমানোর এ তথ্য প্রকাশিত হয়েছে। ব্যয় কমানোর পদক্ষেপে মার্কিন সেনাবাহিনী থেকে ১৭ হাজার বেসামরিক কর্মীকে ছাঁটাই করা হবে। এতে ২০১৭ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সেনাসংখ্যা কমে হবে সাড়ে চার লাখের মতো। ২০১২ সালে মার্কিন সেনা ছিল ৫ লাখ ৭০ হাজার। ওই সময় ইরাক ও আফগানিস্তান যুদ্ধের জন্য সেনাসংখ্যা বেড়ে যায়।
আগামী সপ্তাহেই এ পরিকল্পনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। ইরাক ও আফগানিস্তানে দুই ব্যয়বহুল যুদ্ধের পর সেনাসদস্যের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। দুটি যুদ্ধে বিপুল পরিমাণ ব্যয়ের পর ২০১৪ সালে তখনকার প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল সেনাসংখ্যা কমিয়ে ৪ লাখ ৫০ হাজারে নামিয়ে আনার প্রস্তাব দেন।
আফগানিস্তানে এখনো যুক্তরাষ্ট্রের ১০ হাজার সেনা আছে। আগামী বছরের মধ্যে তাদের ফেরত আনা হবে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সাড়ে তিন হাজার মার্কিন সেনা রয়েছে ইরাকে। ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক প্রশিক্ষকেরা সিরিয়ার আইএসবিরোধী ৬০ যোদ্ধাকে প্রশিক্ষণ দিচ্ছেন। এ সংখ্যা খুব অপ্রতুল বলে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্র ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার এক বছর আগে মার্কিন সেনাবাহিনীতে সেনাসদস্য ছিল ২ লাখ ৭০ হাজার। ২০০০ সালে তা এসে দাঁড়ায় ৪ লাখ ৮০ হাজারে।