স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগ
৪৩ প্রিসেনক্টের দুই কর্মকর্তাকে সম্মাননা

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ব্রঙ্কসের ৪৩ প্রিসেনক্টের দুই কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন।
সম্মাননা প্রাপ্তরা হলেন ৪৩ পুলিশ প্রিসেনক্টের ডেপুটি ইন্সপেক্টর বেঞ্জামিন গার্লি এবং ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটের ডিটেকটিভ এরিক হার্নান্দেজ। নিউইয়র্ক সিটি বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির সেবা-নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখার জন্য বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওই দুই কর্মকর্তাকে ক্রেস্ট দেওয়া হয়।
বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪৩ পুলিশ প্রিসেনক্টের ডেপুটি ইন্সপেক্টর বেঞ্জামিন গার্লি, একই প্রিসেনক্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট প্রধান এরিক হার্নান্দেজ, আয়োজক কমিটির কর্মকর্তা সাইদুর রহমান লিংকন, মো. খলিলুর রহমান, মো. মোতাসিন বিল্লাহ তুষার, মেহের চৌধুরী, মাসুদ রানা প্রমুখ।
পুলিশ কর্মকর্তারা আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কমিউনিটির কল্যাণে পুলিশ ডিপার্টমেন্টের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশি কমিউনিটি ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বিভিন্ন এলাকায় নিরাপত্তা দিতে বিশেষ তৎপর রয়েছে। তাঁরা জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সঙ্গে একযোগে কাজ করতে কমিউনিটি নেতাদের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে আসন্ন পবিত্র রমজান মাসে কমিউনিটির বিশেষ নিরাপত্তাসহ সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে। রমজান মাসে সিটির মসজিদে পুলিশ বিভাগের বাড়তি টহলের ব্যবস্থার কথাও জানানো হয় অনুষ্ঠানে।
সভাপতি গিয়াস উদ্দিন বলেন, ব্রঙ্কসে বাঙালিদের অন্যতম ব্যবসাকেন্দ্র স্টার্লিং-বাংলাবাজার এলাকায় ২০১১ সালে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির সেবা-নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে পুলিশ ডিপার্টমেন্ট। এরই অংশ হিসেবে ৪৩ প্রিসেনক্টের দুই কর্মকর্তাকে তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা জানানো হয়।