৪৩ বছরের নির্জন কারাবাস থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলবার্ট উডফক্স
আলবার্ট উডফক্স

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় নির্জন কারাবাসের পর মুক্তি পেলেন আলবার্ট উডফক্স (৬৯) নামের এক বন্দী। দীর্ঘ ৪৩ বছর পর তিনি লুইজিয়ানার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ব্রেন্ট মিলার নামের এক কারারক্ষীকে হত্যা মামলায় উডফক্স ১৯৭২ সাল থেকে কারাবন্দী ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘অ্যাঙ্গোলা থ্রি’ নামের একটি দলের সদস্য হিসেবে কারারক্ষীকে হত্যায় অংশ নেন। উডফক্সের বিরুদ্ধে গলা কেটে করে হত্যার অভিযোগ আনা হয়। তবে দুই দশকেরও বেশি সময় ধরে তিনি তাঁর বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণের পক্ষে ছিল। সবশেষে, গলা কেটে হত্যার সঙ্গে উডফক্স সরাসরি জড়িত নন—এমন অভিযোগ আনা হলে তাঁর মুক্তি মেলে।

গতকাল শুক্রবার মুক্তি পাওয়ার পর এক বিবৃতিতে উডফক্স বলেছেন, ‘যদিও আমি নতুন করে শুরু হতে যাওয়া বিচারে নিজেকে পুরোপুরি নির্দোষ প্রমাণের অপেক্ষায় থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বাস্থ্য ও বয়স আমাকে এ ঘটনার ইতি টানতে বাধ্য করল।’

কারাগার থেকে মুক্তি পেয়ে ভাইয়ের সঙ্গে ফেরার জন্য গাড়িতে ওঠে সাংবাদিকদের উডফক্স বলেন, তিনি মায়ের সমাধিতে যাবেন। তিনি যখন বন্দী, তখন মায়ের মৃত্যু হয়। কিন্তু শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার অনুমতি পাননি তিনি।

‘অ্যাঙ্গোলা থ্রি’ দলের অন্য সদস্যদের মধ্যে বন্দী দশা থেকে রবার্ট কিং ২০০১ সালে এবং হারম্যান ওয়ালেস ২০১৩ সালে মুক্তি পান। পুলিশের বর্বরতা ও বর্ণবাদ থেকে আত্মরক্ষার্থে ১৯৬৬ সালে গঠিত ‘ব্ল্যাক প্যান্থার্স’ নামের একটি সশস্ত্র আন্দোলনের সঙ্গে উডফক্স ও ওয়ালেস যুক্ত ছিলেন।