৪৩১ মিলিয়ন ডলারের জরুরি প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবওয়েতে সংস্কারের কাজ চলছে
সাবওয়েতে সংস্কারের কাজ চলছে

নিউইয়র্ক নগরের সাবওয়ে ব্যবস্থা সংস্কারে ৪৩১ দশমিক ৫ মিলিয়ন ডলারের একটি জরুরি তহবিল গঠনের প্রস্তাব করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটররা। ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ইনডিপেনডেন্ট ডেমোক্রেটিক কনফারেন্সে (আইডিসি) তাঁরা আনুষ্ঠানিকভাবে এ তহবিল গঠনের আহ্বান জানাবেন বলে নিউইয়র্ক ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে।

নিউইয়র্ক নগরের সাবওয়ে ব্যবস্থায় বিদ্যমান সংকটের কারণে নাগরিকদের নানা ভোগান্তির খবর বছরজুড়েই ছিল আলোচনায়। এ অবস্থায় উচ্চাভিলাষী এক সংস্কার পরিকল্পনার প্রস্তাব করে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)। ওই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ জোগানের অংশ হিসেবেই নিউইয়র্ক নগরের সেলস ট্যাক্সের একটি অংশ দিয়ে এই তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন সিনেটররা।
সাবওয়ে ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ব্রঙ্কসের সিনেটর জেফ ক্লেইন বলেন, নিউইয়র্ক নগর এই বছর সেলস ট্যাক্স বাবদ ৭ বিলিয়ন ডলারের রাজস্ব পেয়েছে। পরিবহনব্যবস্থা ভালো হলে এ ক্ষেত্রে আরও ভালো করবে নগর। এসব বিষয় মাথায় রেখে এ অর্থের জোগান দেওয়া উচিত, যা এখনই প্রয়োজন।
এর আগে এমটিএর চেয়ারপারসন জো লোটার দেওয়া ৮৬৩ মিলিয়ন ডলারের পরিকল্পনার অর্ধেক নিউইয়র্ক নগরের বহন করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ডি ব্লাজিও। অর্থের জোগান নিয়ে এমটিএর পাশাপাশি অঙ্গরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে নগর কর্তৃপক্ষের বিরোধ রয়েছে।
এই প্রস্তাবের বিষয়ে ডি ব্লাজিওর মুখপাত্র এরিক ফিলিপস বলেন, ‘এমন প্রস্তাবের বদলে অঙ্গরাজ্যের উচিত ওই সাড়ে চার শ মিলিয়ন ডলার ফিরিয়ে দেওয়া, যা তারা এমটিএর তহবিল থেকে কেটে নিয়েছিল। তারপর আমরা এমন মিলিয়ন ডলার পরিকল্পনা অনুমোদন দেব।’
এদিকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর মুখপাত্র জানিয়েছেন, আইডিসির এমন পরিকল্পনার বিষয়ে গভর্নর এখনো অবগত নন। তবে তিনি এ বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে ‘ফিক্স এনওয়াইসি’ প্যানেলের সুপারিশের অপেক্ষায় রয়েছেন। আগামী সপ্তাহ নাগাদ এই প্যানেল তাদের সুপারিশ হাজির করতে পারে বলে জানিয়েছে গভর্নরের কার্যালয়।