৪৮ লাখ ডলারে বিক্রি হলো সেই গাউন

হলিউডের সর্বকালের আইকনদের একজন, অভিনেত্রী মেরিলিন মনরোর একটি পোশাক ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্য ওই পোশাক পরেই তিনি ‘হ্যাপি বার্থ ডে মিস্টার প্রেসিডেন্ট’ গানটি গেয়েছিলেন।
হলিউডের বিখ্যাত ডিজাইনার জ্যঁ লুইয়ের নকশা করা গাউনটি কিনেছে রিপলি’স বিলিভ ইট অর নট জাদুঘর কর্তৃপক্ষ। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ১৯৬২ সালে তখনকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির ৪৫তম জন্মদিন উপলক্ষে গান গেয়েছিলেন মনরো। সেদিন তাঁর পরনে থাকা ওই আঁটসাঁট গাউনটিতে আড়াই হাজার ক্রিস্টালের টুকরা বসানো আছে। সেটাই ছিল মনরোর সর্বশেষ জনসমক্ষে আসা। এর তিন মাস পর অকালমৃত্যু হয় যৌন আবেদনের জন্য বিশ্বজুড়ে ঝড় তোলা এই অভিনেত্রীর। অতিরিক্ত ওষুধ সেবন করে তিনি আত্মহত্যা করেছিলেন বলে ধারণা করা হয়।
রিপলি’স বিলিভ ইট অর নট জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, তখনকার পপ সংস্কৃতির এক টুকরো প্রতীক এই পোশাকটি।
নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, গাউনটি এর আগে ১৯৯৯ সালেও একবার নিলামে উঠেছিল। সে সময় ধনাঢ্য ব্যবসায়ী ও সংগ্রাহক প্রয়াত মার্টিন স্ভাইগ ১৩ লাখ ডলারে পোশাকটি কেনেন।