
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএর স্থগিত নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা করা নতুন তফসিল অনুযায়ী আগামী ৫ এপ্রিল নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
৭ মার্চ সন্ধ্যায় নিউইয়র্ক নগরের ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আশিস রঞ্জন ভৌমিক কার্যনির্বাহী কমিটি ২০২০-২০২৩ মেয়াদের সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করেন। সংগঠনের গঠনতন্ত্র আর ট্রাস্টি বোর্ডের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
নতুন তফসিল ঘোষণার সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম, সদস্য রমেশ নাথ ছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, অ্যাসোসিয়েশনের অফিসে মনোনয়নপত্র জমা আগামী ১০ মার্চ রাত ৮-১০টা, মনোনয়নপত্র বাছাই ১৩ মার্চ রাত ৮-১০টা, প্রাথমিক তালাকা প্রকাশ ১৪ মার্চ রাত ৮-১০টা, প্রার্থিতা প্রত্যাহার ১৭ মার্চ রাত ৮-১০টা, চূড়ান্ত তালিকা প্রকাশ ১৮ মার্চ রাত ৮-১০টা, ভোটগ্রহণ ও নির্বাচন ৫ এপ্রিল সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত।
অনুষ্ঠানে জানানো হয়, মনোনায়ন ফি অপরিবর্তিত রয়েছে। অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১৫টি পদে আগামী ৫ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান পরে জানানো হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগের আংশিক খসড়া তফসিলে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণসহ বিভিন্ন সংশোধনী আনা হয়। তারই ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল নির্বাচনের দিন পুনঃধার্য করা হয়।
এর আগে গত বছরের ২৫ অক্টোবর সন্ধ্যায় ব্রুকলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএর প্রধান নির্বাচন কমিশনার আশিস রঞ্জন ভৌমিক নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিলেন। গত বছরের ১০ নভেম্বর ওই নির্বাচনের দিন ধার্য ছিল। সংগঠনের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিক্রির দিন সৃষ্ট অপ্রীতিকর ঘটনা ও নিরাপত্তার কথা বিবেচনায় অ্যাসোসিয়েশনের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় বলে নির্বাচন কমিশন তখন উল্লেখ করেছিল।
আশিস রঞ্জন বলেন, নির্বাচনী কার্যক্রম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে আয়োজন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। গঠনতন্ত্রের অধ্যায় ৫–এর ধারা ২১ থেকে ২৫ পর্যন্ত গঠনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী কার্যক্রমের যে নিয়ম রয়েছে, তা অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী, কমিশনের সব কার্যক্রম ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, ট্রাস্টি বোর্ড নির্বাচন কমিশনের কার্যক্রম তদারকি করতে পারবেন এবং নির্বাচন প্রক্রিয়ায় যেকোনো সমস্যা কমিশনের সঙ্গে আলোচনাক্রমে তাৎক্ষণিক সমাধান করার ক্ষমতা রাখেন।
গঠনতন্ত্র অনুযায়ী ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত নির্বাচন কমিশন ট্রাস্টির সব আদেশ ও নির্দেশ মানতে বাধ্য। নির্বাচন কমিশন ট্রাস্টি বোর্ডের নির্দেশনা অনুযায়ী কাজ করছে। ওই নির্দেশনা অনুসরণ করে কার্যনির্বাহী কমিটি ২০২০-২০২৩ মেয়াদের সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করে কমিশন।