৫৪ বছর পর যুক্তরাষ্ট্রের আকাশে কিউবার পতাকা

যুক্তরাষ্ট্র ও কিউবার পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক ৫৪ বছর পর আবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ গতকাল সোমবার ওয়াশিংটনে নিজ দেশের পতাকা উড়িয়ে তাঁদের দূতাবাসের উদ্বোধন করেন। একই দিনে কিউবার রাজধানী হাভানায়ও খোলা হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। তবে সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ানো হয়নি। পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আগামী মাসে হাভানা সফরের কথা রয়েছে। তখন তিনি আনুষ্ঠানিকভাবে নিজ দেশের পতাকা উত্তোলন করবেন। খবর এএফপির।
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চলা শত্রুতা ভুলে দুই দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে গত ১৭ ডিসেম্বর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। দূতাবাস চালু উপলক্ষে রাউল কাস্ত্রো তাঁর পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগেজকে যুক্তরাষ্ট্রে পাঠান। ১৯৫৯ সালে কিউবা বিপ্লবের পর সে দেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম ওয়াশিংটন সফরে গেছেন। হোয়াইট হাউসের অদূরে তাঁর দেশের দূতাবাসে কিউবার পতাকা উত্তোলন করেন রদ্রিগেজ।
গতকালই কেরির সঙ্গে রদ্রিগেজের বৈঠকে বসার কথা ছিল। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে দুজনের বক্তব্য রাখার কথা।