৬ কেজি ওজনের শিশু!

সদ্য জন্ম নেওয়া একটি শিশুর ওজন আর কতই বা হয়। সাধারণত সদ্যভূমিষ্ঠ শিশুর ওজন হয় তিন থেকে চার কেজির মতো। কিন্তু সম্প্রতি একজন মা প্রায় সাড়ে ছয় কেজি ওজনের এক শিশুর জন্ম দিয়েছেন। ১৪ পাউন্ডের শিশু ভূমিষ্ঠ হওয়ায় পর অবাক মা-ও।
বেশ স্বাস্থ্যবান হওয়ায় ওই শিশুর পোশাক নিয়ে বিপদে পড়েছেন মা-বাবা। সমাধান তার চেয়ে বেশি বয়সের পোশাক পরছে এই শিশুটি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার লেক্সিংটন মেডিকেল সেন্টারে জন্ম নেওয়া এই শিশুর নাম কলিন। গত ৩০ বছরে ওই হাসপাতালে এমন ওজনের কোনো শিশুর জন্ম হয়নি।

মা সিন্ডি রিচমন্ড বলেন, ‘আমি কখনই ভাবিনি ও এত বড় হবে। আমি সতি৵ই ধাক্কা খেয়েছি। জন্মের পরই তার পোশাক ও ডায়াপার পাওয়া মুশকিল হচ্ছিল, কোনো কিছুই তার জন্য মানানসই হচ্ছিল না।’ ৩৭ বছর বয়সী তিন সন্তানের মা সিন্ডি আরও বলেন, গর্ভাবস্থার শেষ কয়েক মাস খুব কষ্টের গেছে।
১৪ পাউন্ড ওজনের কলিনের বাবা আর্থার কেইসলার (৩৮) বলেন, ‘জন্মের পরই কলিনকে তিন থেকে ছয় মাসের শিশুর পোশাক পরানো হচ্ছে। প্রাথমিকভাবে কোনো পোশাকই তার গাঁয়ে আঁটছিল না। তাই আমি বড় দেখে পোশাক কিনি। কলিনের নানিও পোশাকের ক্ষেত্রে তাই করেছেন।’
মার্কিন সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা বলেন, ‘কলিন তার ক্লাসে সব সময় লম্বা ছাত্রই হবে। আমিও জন্মের সময় লম্বাই ছিলাম। আমার উচ্চতা এখন ৬ ফিট ২ ইঞ্চির মতো। কিন্তু আমি ছিলাম কলিনের ওজনের অর্ধেক।’

আর্থার কেইসলার বলেন, ‘আমি আর সিন্ডি প্রথম থেকেই আশা করছিলাম আমাদের সন্তানটা বেশ বড়ই হবে। গর্ভাবস্থায় সিন্ডিকে দেখে অনেকে ভাবত, আমরা যমজ সন্তানের মা-বাবা হতে যাচ্ছি। আমরা কখনই চিন্তা করিনি আমাদের সন্তান এত বড় হবে। সে সুন্দর।’
জন্মের সময় হাসপাতালে থাকা সেবিকা ও চিকিৎসকেরা কলিনকে দেখে হতভম্ব। ওই হাসপাতালের সমন্বয়ক ডোনা হিনটন বলেন, আপনারা জানেন না যে কী ঘটে গেছে। তথ্যসূত্র: ইনডিপেনডেন্ট।