৬ জানুয়ারি ঘিরে শঙ্কা, উদ্বেগ
ঘটনাবহুল বছর ২০২০ শেষ হয়ে গেল। কিন্তু শেষ হলো না মার্কিন নির্বাচন নিয়ে নাটকীয়তা। মার্কিন নির্বাচনে ভোট গ্রহণ ও গণনার পর ইলেকটোরাল কলেজের ভোটগ্রহণ থেকে শুরু করে নতুন প্রেসিডেন্টের অভিষিক্ত হওয়া পর্যন্ত বিষয়গুলো একসময় আনুষ্ঠানিকতা হিসেবে গণ্য হলেও এবার তা হচ্ছে না। বরং প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রতিটি ধাপই সংশয়ের চাদরে ঢাকা পড়ছে। আর এটি হচ্ছে একজন মাত্র ব্যক্তির জন্য। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে পরাজিত হলেও ফল মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফল স্বীকার করা তো দূরের বিষয়, তিনি এই নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন শুরু থেকেই। এর স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করতে না পারলেও নির্বাচনে জো বাইডেনের বিজয়কে সর্বতোভাবে অস্বীকার করছেন ট্রাম্প। এখানেই থেমে থাকেননি তিনি। নির্বাচনের ফল পাল্টাতে সব ধরনের চেষ্টাই করছেন। এখন পর্যন্ত তাঁর সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। বাকি রয়েছে শুধু একটি চেষ্টা। এবার সে চেষ্টাই করছেন তিনি। বড়দিনের আগেই প্রণোদনা বিলে সই না করে ছুটি কাটাতে যে মার-এ-লাগোতে চলে গিয়েছিলেন, সেখান থেকে হঠাৎ করেই হোয়াইট হাউসে ফিরেছেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। তাঁর চোখ এখন ৬ জানুয়ারির দিকে। এই একটি তারিখকে ঘিরেই তিনি এখন যাবতীয় ছক কষছেন।
আগামী ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে ইলেকটোরাল ভোট প্রত্যয়ন হওয়ার কথা, যেখানে জো বাইডেন পেয়েছে ৩০৬টি ও ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। কিন্তু এই অধিবেশনে কংগ্রেসের উভয় কক্ষ থেকে একজন করে যদি এই ভোটের বিরুদ্ধে আপত্তি জানান, তবে এ নিয়ে কংগ্রেসে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ ক্ষেত্রে নিয়ম হলো, কয়জন আপত্তি জানাবেন, প্রতিটি আপত্তির জন্যই একটি করে বিতর্ক অনুষ্ঠিত হবে।
লম্বা ছুটি কাটাতে ফ্লোরিডা গিয়ে হঠাৎ করেই ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার ঘটনায় বছরের শুরুর সপ্তাহটি যুক্তরাষ্ট্রের জন্য অস্থির হয়ে ওঠার আলামত স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনে পরাজয় না মানা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এগিয়ে এসেছেন শতাধিক আইনপ্রণেতা। কংগ্রেসের যৌথ অধিবেশনের সময় ট্রাম্পের কট্টর সমর্থকেরা ওয়াশিংটন ডিসিতে ব্যাপক সমাবেশের ডাক দিয়েছেন। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন, এই সমাবেশ শান্তিপূর্ণ হবে না। ফলে বিরাজমান পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে মার্কিন রাজনৈতিক মহলে।
অন্যান্য রক্ষণশীল সংগঠনও ওই সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিয়ে যোগ দিচ্ছে। ট্রাম্প-সমর্থকদের বার্তায় বলা হচ্ছে, সবাই যেন ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন। এমন বার্তাকে বেশ ইঙ্গিতপূর্ণ হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসির পুলিশ কমিশনার হিসেবে বছরের শুরুতে দায়িত্ব নিয়েছেন রবার্ট কন্টি। ৬ জানুয়ারির সমাবেশ নিয়ে পুলিশ কমিশনার বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশ করার সব ধরনের সুযোগ দেওয়া হবে। তবে কোনো ধরনের সহিংসতাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
ট্রাম্প ফ্লোরিডায় অবকাশযাপনের জন্য গিয়েছিলেন এক ধরনের হতাশা থেকে। বহু চেষ্টার পরও যখন ১৪ ডিসেম্বর ইলেকটোরাল ভোটকে তিনি প্রভাবিত করতে পারলেন না, যখন একের পর এক মামলা খারিজ হলো, এমনকি সুপ্রিম কোর্টও সাড়া দিল না, তখন ট্রাম্প তাঁর ঘনিষ্ঠ কিছু উপদেষ্টার সঙ্গে বসে সামরিক শাসন জারি করে নতুন নির্বাচন দেওয়ার সম্ভাব্যতা যাচাই করলেন। এ ধরনের কোনো পদক্ষেপের পক্ষে তিনি অবস্থান নেননি শেষ পর্যন্ত। কিন্তু তাঁর এই বৈঠকের খবরেই নড়েচড়ে বসল বিশ্বের সবাই। শুরু হলো সমালোচনা। এ অবস্থায় নির্বাচনের ফল ওলটাতে ট্রাম্পের হাতে শুধু ৬ জানুয়ারিই থাকল। বিষয়টি নিয়ে নিরিবিলি ভাবতে অথবা বিতর্কিত বৈঠকের জেরে শুরু হওয়া সমালোচনার প্রেক্ষাপটে নাগরিক প্রণোদনার বিলে সই না করেই চলে গেলেন ফ্লোরিডায়। সেখানে বসেই সই করলেন পরে প্রণোদনা ও সরকারি ব্যয় সম্পর্কিত বিলে। অবকাশ যাপনের উদ্দেশে গেলেও ফ্লোরিডায় ট্রাম্প নিষ্ক্রিয় বসে থাকেননি। সেখানে তিনি রিপাবলিকান নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন, কষেছেন ছক।
এই দীর্ঘ পরিকল্পনায় প্রথম সাড়া দিলেন মিসৌরি থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর জোশ হাওলি। গত ৩০ ডিসেম্বর তিনি ঘোষণা দিয়েছেন, তিনি ইলেকটোরাল ভোট গণনা নিয়ে যৌথ অধিবেশনে আপত্তি জানাবেন। সিনেট ও কংগ্রেসের একজন করে সদস্য এমন আপত্তি উপস্থাপন করলে তা নিয়ে কংগ্রেসে আনুষ্ঠানিক বিতর্কের সুযোগ আছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল ৩০ ডিসেম্বর পর্যন্ত ২১ জন এমন আইনপ্রণেতার তালিকা নিশ্চিত করেছে, যারা কংগ্রেসের যৌথ অধিবেশনে আপত্তি উপস্থাপন করবেন। এই সংখ্যা বাড়ানোর প্রয়াস চলছে ট্রাম্প শিবির থেকে। সর্বশেষ গণনায় দেখা যাচ্ছে, কংগ্রেসের ৬ জানুয়ারির যৌথ অধিবেশনে শতাধিক আইনপ্রণেতা ট্রাম্পের পক্ষে দাঁড়াচ্ছেন।
সিনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল এ নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেটর ব্যক্তিগতভাবে দলের আইনপ্রণেতাদের এমন কাজে যোগ না দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর জন কোরনাইন সাংবাদিকদের বলেন, এমন অনেক কিছুই চাওর হয়। আর এমন ঘটনা ঘটলে তখন তা মোকাবিলা করতে হয়। প্রভাবশালী এই সিনেটর নিজের অবস্থানের বাইরে গিয়ে ট্রাম্পের ভুয়া দাবির পক্ষে দাঁড়াবেন না বলে আগেই ইঙ্গিত দিয়েছেন।
সিনেটে ডেমোক্রেটিক দলের নেতা চালর্স শুমার মিসৌরির সিনেটর জোশ হাওলির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। শুমার বলেছেন, ভোট নিয়ে কয়েক ডজন মামলায় হেরে যাওয়ার পর ট্রাম্পের নির্বাচনে কারচুপির আর কোনো দাবি ধোপে ঠেকে না। তিনি বলেন, কংগ্রেসের যৌথ অধিবেশনে ঠিকই প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে অনুমোদন দেওয়া হবে। এই দুজন সাংবিধানিক নিয়মেই ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন। শুমার বলেন, ‘এই হচ্ছে যুক্তরাষ্ট্র! নির্বাচন হয়েছে এবং ফলাফল পাওয়া গেছে।’
কংগ্রেসের উভয় কক্ষে আইনপ্রণেতারা আপত্তি ওঠালে প্রতিটি আপত্তির জন্য আলাদা বিতর্ক ও ভোট হতে পারে। ট্রাম্প-সমর্থকদের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে, তাঁরা অন্তত ছয়টি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট নিয়ে এমন আপত্তি উপস্থাপন করবেন। সে হিসেবে ১২ ঘণ্টার মতো বিতর্ক হলে ৬ জানুয়ারি কংগ্রেস কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। বিতর্ক পরের দিন পর্যন্ত গড়াবে।
অনেকেই বিষয়টিকে সময়ক্ষেপণ ও রাজনৈতিক ‘সার্কাস’ মনে করছেন। কংগ্রেসে কোনো আপত্তি ভোটে গেলে রিপাবলিকান আইনপ্রণেতাদের ট্রাম্পের পক্ষে বা বিপক্ষে সরাসরি দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এমন সাংবিধানিক প্রক্রিয়া আগে কখনো ঘটেনি। ফলে প্রথাবিরোধী এক পথে হাঁটছেন ট্রাম্প। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে ক্রমশ।
এদিকে ৬ জানুয়ারি ওয়াশিংটনে কট্টর ট্রাম্প সমর্থকদের আয়োজনে যে সমাবেশ হতে যাচ্ছে, তা ঘিরে শঙ্কা বাড়িয়ে দিচ্ছে ট্রাম্পের করা বিভিন্ন মন্তব্য। ‘দেখা হবে’—বলেও ট্রাম্প বারবার টুইট বার্তা ও ফেসবুক পোস্ট দিচ্ছেন। ট্রাম্প দাবি করছেন, এখন তাঁর হিসাবে জর্জিয়া ও পেনসিলভানিয়ায় বেশিসংখ্যক ভোট রয়েছে, যা ভোটের ফলাফল পাল্টে দিতে যথেষ্ট। আর সিনেটর জোশ হাওলি যে আপত্তি তোলার কথা বলেছেন, সেখানে পেনসিলভানিয়ার প্রসঙ্গটি রয়েছে। এ ক্ষেত্রে প্রতিনিধি পরিষদ থেকে তাঁর সঙ্গে রয়েছেন আলাবামার মো ব্রুকস। দুজনই আপত্তি তোলার ঘোষণা দেওয়ায় এই ইস্যুতে যৌথ অধিবেশনে বিতর্ক এক রকম নিশ্চিত হয়ে গেছে।
অবশ্য ইলেকটোরাল কলেজের প্রত্যয়নের পর নির্বাচনের ফলাফল পাল্টে যাওয়ার চিন্তা ট্রাম্প ও তাঁর সমর্থক গোষ্ঠী ছাড়া আর কেউ করতে পারছে না।
প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০ জানুয়ারি শপথ নেওয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। তবে তাঁদের প্রস্তুতিতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জো বাইডেন। এমন বাস্তবতায় ৬ জানুয়ারি কোনো বিশৃঙ্খলা হলে পরিস্থিতি কী দাঁড়াবে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মার্কিন জনগণের মনে। শঙ্কাটি বাড়িয়ে দিয়েছে ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনের পরদিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যপ্রাচ্য সফর স্থগিত হওয়ার ঘোষণায়।