৬০ বছর পর দুই বন্ধু জানলেন অদ্ভুত তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ছোটবেলা থেকে তাঁদের বন্ধুত্ব। বিদ্যালয়ে পড়ার সময় একই ফুটবল দলে খেলতে গিয়ে পরিচয়। তারপর পেরিয়ে গেছে ছয় দশকের বেশি সময়। প্রৌঢ়ত্বে এসে জানতে পারলেন, তাঁরা পরস্পরের আরও আপন। এ সম্পর্ক রক্তের। পরস্পরের সহোদর তাঁরা। অবিশ্বাস্য হলেও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের বাসিন্দা ওয়াল্টার ম্যাকফারলেন ও অ্যালান রবিনসনের জীবনে ঘটেছে এ ঘটনা।
ম্যাকফারলেনের বয়স এখন ৭৪ বছর, রবিনসনের ৭২ বছর। হাওয়াইয়ের এক পরিবারে ১৫ মাসের ব্যবধানে তাঁদের জন্ম। দুজনকে দুটি পরিবার দত্তক নেয়। ম্যাকফারলেন ১৮ বছর বয়সে প্রথম জানতে পারেন, যাঁকে তিনি মা হিসেবে জানেন, তিনি আসলে তাঁর নানি। আর যাঁকে বোন বলে জানেন, তিনিই জন্মদাত্রী মা।
রবিনসন অবশ্য আগে থেকেই জানতেন, যে পরিবারে তিনি বেড়ে উঠছেন, তাঁরা তাঁর প্রকৃত মা-বাবা নন। তবে দুই সহোদরের কেউই ওই সময় জানতেন না, কে তাঁদের প্রকৃত বাবা। জানতে পারেননি, ছোটবেলার প্রিয় বন্ধুটির সঙ্গে রক্তেরও সম্পর্ক রয়েছে।
বছর কয়েক আগে বড়দিনের উপহার হিসেবে রবিনসন ডিএনএ পরীক্ষার একটি সরঞ্জাম পান। পিতৃপরিচয়ের সন্ধানে তিনি নিজের ডিএনএ পরীক্ষা করে ফলাফল কর্তৃপক্ষের কাছে জমা দেন। একই পরিচয়ের সন্ধানে ম্যাকফারলেন গত বছর নিজের ডিএনএ পরীক্ষা করান। এর পরপরই জানা যায়, এই দুই ঘনিষ্ঠ বন্ধুর জন্মদাত্রী একই। তবে মায়ের সঙ্গে দুই ভাইয়ের একসঙ্গে দেখা করার সুযোগ হয়নি। এক দশকেরও বেশি সময় আগে মারা গেছেন তিনি।
বিষয়টি দুই সহোদরকে ব্যাপক নাড়া দিয়েছে। রবিনসন বলেন, ‘৬০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। আমরা বুঝতেই পারিনি। আমি আবেগ ধরে রাখতে পারছিলাম না। আমার ধারণা, আমার পালক মা-বাবা বিষয়টা জানতেন। কিন্তু তাঁরা গোপন রেখেছিলেন।’ বড় ভাই ম্যাকফারলেন সম্পর্কে তিনি বলেন, ‘খেলাধুলায় ভালো ছিল সে। দারুণ সুদর্শন আর সৎ মানুষ। বন্ধু হলেও তাঁকে শ্রদ্ধা করতাম।’ ম্যাকফারলেন বলেছেন, প্রিয় বন্ধুটিকে সহোদর হিসেবে আবিষ্কার করার পর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছিলেন না তিনি।