
আমেরিকার প্রতিরক্ষা বাজেট ১৯ দশমিক ৯ বিলিয়ন ডলার বাড়ানোর বিষয়টিকে ‘অত্যন্ত প্রয়োজনীয়’ হিসেবে বর্ণনা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দাঁড়িয়ে গত মে মাসে দেওয়া বর্ণনায় তিনি এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে পরবর্তী সময়ে এ বর্ধিত ব্যয়ের সঙ্গে যুক্ত হবে পেন্টাগনের জন্য বরাদ্দ করা বাড়তি অর্থও। সে সময় তিনি বলেছিলেন, ‘যুদ্ধবিমান, রণতরি থেকে শুরু করে সূক্ষ্মাতিসূক্ষ্ম সব ধরনের সমর সরঞ্জাম থাকবে আমাদের হাতের মুঠোয়, যা এ দেশের ইতিহাসে এর আগে কখনো ছিল না।’ ২৭৫টি জাহাজসমৃদ্ধ আমেরিকার নৌবাহিনীকে সম্প্রসারিত করে ৩৫০টি জাহাজের একটি বাহিনীতে উন্নীত করার প্রতিশ্রুতি রয়েছে ট্রাম্পের। এ ছাড়া সেনাবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার থেকে বাড়িয়ে ৫ লাখ ৪০ হাজার এবং বিমানবাহিনীতে আরও কয়েক শ যুদ্ধবিমান যুক্ত করার বিষয়েও তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড দেশটির কংগ্রেসনাল কমিটির সামনে আগামী বছরের প্রতিরক্ষা বাজেট নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে উঠে এসেছে ভিন্নচিত্র। অক্টোবরে শুরু হতে যাওয়া আগামী অর্থবছরের বাজটের জন্য প্রেসিডেন্ট প্রস্তাব করেছেন ৬০৩ বিলিয়ন ডলার (এর মধ্যে ভিত্তি বাজেট হিসেবে ৫৭৫ বিলিয়ন ডলারই রাখা হয়েছে পেন্টাগনের জন্য)। এ পরিমাণ ২০১১ সালের বাজেট কন্ট্রোল অ্যাক্টে (বিসিএ) নির্দেশিত পরিমাণের চেয়ে ৫৪ বিলিয়ন ডলার বেশি। যদিও বারাক ওবামা প্রশাসনের প্রতিরক্ষা পরিকল্পনার চেয়ে এটি মাত্র ৩ দশমিক ৩ শতাংশ বেশি।
ওবামা সুপারিশ করা এবং কংগ্রেসে ২০১৭ সালের পাস হওয়া বাজেটের চেয়ে বর্ধিত এ প্রতিরক্ষা বাজেট ব্যয় হবে সামরিক বাহিনীর পরিসর বৃদ্ধি ও সেনাসদস্যদের বর্ধিত বেতন-ভাতা মেটাতে। ওবামার সময়ে করা সুপারিশের চেয়ে ১৬ হাজার বেশি নতুন সেনা দেশটির বাহিনীতে যুক্ত হচ্ছে। একই সঙ্গে বেড়েছে বেতন বৃদ্ধির হারও। আগের ১ দশমিক ৬ শতাংশের বদলে ২ দশমিক ১ শতাংশ হারে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বর্ধিত প্রতিরক্ষা ব্যয়ের পুরোটাই চলে যাবে এ দুই ক্ষেত্রে বাড়তি ব্যয় নির্বাহে। বাড়তি যে ১৯ বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করা হয়েছে, তার প্রায় অর্ধেকই চলে যাবে বাহিনীতে যুক্ত হওয়া নতুন সদস্যদের পেছনে এবং তুলনামূলক বড় বাহিনীর পরিচালনসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয় বাবদ। সামরিক সরঞ্জামের হিসেবে এ দিয়ে বড়জোর আরেকটি ডেস্ট্রয়ার কেনা যাবে। কিন্তু এর মাধ্যমে ওবামা প্রশাসনের সুপারিশমতো যুদ্ধবিমানের সংখ্যা আর একটিও বাড়ানো সম্ভব হবে না। গত ১২ জুন হাউস আর্মড সার্ভিসেস কমিটির কাছে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস স্বীকার করেছেন যে প্রস্তাবিত বাজেট ঘাটতি মেটানোর বাইরে তেমন কিছুই করতে পারবে না। এ ক্ষেত্রে তিনি গত চার বছরে (বারাক ওবামার মেয়াদকালে) বাজেটস্বল্পতা, বরাদ্দ কমানো ও বিভিন্ন সিদ্ধান্তের কারণে সৃষ্ট দুর্বলতার দিকে ইঙ্গিত করছেন। তিনি বলেন, (এ সময়টাতে) কংগ্রেস শুধু নিস্পৃহভাবে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলাতেই মনোযোগী ছিল, নেতৃত্বের বিষয়ে নয়।
রিপাবলিকান পার্টির নেতা ম্যাক থর্নবেরি ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটির জন ম্যাককেইন একটি বিষয়ে একমত হয়েছেন যে ট্রাম্পের এ বাজেট প্রস্তাব অপ্রতুল। তাঁরা মার্কিন সামরিক বাহিনীর বর্তমান দুরবস্থাকে তুলনা করেন ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী ১৯৭০ সালের ‘শূন্যগর্ভ সমর বাহিনী’র সঙ্গে। এ অবস্থা কাটিয়ে উঠতে তাঁরা আগামী বছর অন্তত ৬৪০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট দেখতে চান। একই সঙ্গে এ বাজেট ২০২২ সাল নাগাদ ৭৪০ বিলিয়নে উন্নীত হবে, এমন প্রতিশ্রুতিও তাঁরা প্রত্যাশা করেন। ম্যাককেইন এ ক্ষেত্রে বিদেশের মাটিতে সামরিক ব্যয় নির্বাহের জন্য ‘ওভারসিজ কন্টিনজেন্সি অপারেশনস’ সংক্ষেপে ‘ওসিও’ বাবদ ৬০ বিলিয়ন ডলারের বিশেষ বরাদ্দ চান। তিনি এ ক্ষেত্রে অভিযোগ তোলেন যে এ অর্থ মূলত বিদেশের মাটিতে চলমান যুদ্ধগুলোর ব্যয় নির্বাহের জন্য বরাদ্দ হলেও এর একটি বড় অংশ চলে যাচ্ছে বিভিন্ন সরকার ও প্রতিষ্ঠানকে ঘুষ দেওয়ার মতো অনৈতিক কর্মকাণ্ডে।
তবে প্রেসিডেন্ট প্রস্তাবিত ৬০৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট শেষ পর্যন্ত আলোর মুখ দেখার সম্ভাবনা অনেক কম। সে ক্ষেত্রে ম্যাককেইন ও থর্নবেরির দেওয়া বর্ধিত প্রস্তাবের ভবিষ্যৎ সহজেই অনুমেয়। গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের টড হ্যারিসনের এ বিষয়ে অভিমত হলো, প্রতিরক্ষার বাইরে অন্য খাতগুলোর ব্যয় সংকোচন সম্ভব হলেই একমাত্র প্রতিরক্ষা খাত বাড়তি বরাদ্দ পেতে পারে। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রস্তাবিত বাজেট অনেকটা অগ্রসরও হয়েছে বলা যায়। ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্য দেশ ও পরিবেশ রক্ষায় নিযুক্ত সংস্থাগুলোর জন্য সাহায্যের পরিমাণ ব্যাপকভাবে সংকুচিত করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প প্রস্তাবিত বাজেটটি আলোর মুখ দেখা কঠিন হয়ে পড়বে। এ ক্ষেত্রে একটিমাত্র পথ রয়েছে আর তা হলো, বিসিএ বাতিল অথবা নিদেনপক্ষে এর সংশোধন। ট্রাম্পের বাজেট পরিচালক মিক মালভেনি বিসিএর একজন সমর্থক হওয়ায় এটি বাতিলের সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু এটি সংশোধনের একটি সম্ভাবনা রয়েই যায়। ওবামা যেমনটা চেয়েছিলেন, তার চেয়ে মাত্র কয়েক বিলিয়ন ডলার বেশি বরাদ্দের কথা বলছেন হ্যারিসন। এটি কোনোভাবেই একটি শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য যথেষ্ট নয়।
আসছে বছরগুলোও এর থেকে খুব একটা আলাদা হবে না বলে ধারণা করা যাচ্ছে। যদিও জিম ম্যাটিস বার্ষিক সাড়ে ৩ শতাংশ প্রবৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এ বিষয়ে আরেক গবেষণা সংস্থা আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ম্যাকেঞ্জি ইগলেন বলেন, ‘বড় ধরনের বরাদ্দ বৃদ্ধির বিষয়টি ওয়াশিংটন থেকে শুরুতেই নিশ্চিত করতে হয়। এ ক্ষেত্রে অনুকূল রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগাতে হয়।’ যদিও সত্যটা হচ্ছে, কংগ্রেসের অধিকাংশ সদস্যই মনে করছেন, যে স্বল্প পুঁজি নিয়ে ট্রাম্প তাঁর যাত্রা শুরু করেছেন, তা নিয়ে তিনি ইতিমধ্যেই হাঁপিয়ে উঠেছেন।

এদিকে ব্রুকিংস ইনস্টিটিউশনের মাইকেল ও’হ্যানলন ম্যাককেইন ও থর্নবেরির পরিকল্পনাকে পছন্দ করলেও কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষত মার্কিন সামরিক বাহিনীর ‘অপ্রস্তুত দশা’ সম্পর্কে তাঁদের তোলা বক্তব্যের বিপরীতে তিনি প্রশ্ন তুলেছেন। ও’হ্যানলনের মতে, সামরিক বাহিনী অতটা ভয়াবহ অবস্থার মধ্যে নেই, যতটা বর্ণনা করা হচ্ছে। একই সঙ্গে বর্তমান সামরিক সক্ষমতাকে আরও উন্নততর করতে কংগ্রেসের নিরবচ্ছিন্ন চাপ প্রয়োগ করা উচিত বলেও মনে করেন তিনি। পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপানের ওকিনাওয়া ও পোল্যান্ডে পর্যায়ক্রমিক সমর-অবস্থানের ব্যয় সংকোচনের মাধ্যমে এ খাতে বিদ্যমান সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তিনি।
চলতি বছরের প্রতিরক্ষা বাজেটে বিদেশের মাটিতে মার্কিন সামরিক উপস্থিতিসহ বিভিন্ন খাতে বরাদ্দ নির্ধারণে মুদ্রাস্ফীতির বিষয়টি সমন্বয় করা হয়েছে। এ সমন্বয়ের পর মোট বাজেটের পরিমাণ দাঁড়ায় রিগানের সময়ের বহুল আলোচিত সামরিক ব্যয়ের তুলনায় কিছুটা বেশি। এটা সত্য যে বর্তমান সময়ে বাহিনীগুলো ভরণপোষণে আগের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় হয়। এর একটি বড় অংশই চলে যায় বাহিনীর সদস্যদের স্বাস্থ্য ব্যয় মেটাতে। একই সঙ্গে এ–ও সত্য যে স্বয়ংক্রিয়ভাবে ব্যয় সংকোচন নীতি পরিকল্পনায় ব্যাঘাত ঘটাচ্ছে। কিন্তু তা স্বত্ত্বেও পেন্টাগনের একটু বেশি
মাত্রার সংবেদই পারে ৬০০ বিলিয়ন ডলারের বাজেটে আরও অনেকটা পথ এগিয়ে যেতে।
সূত্র: ইকোনমিস্ট