৬২ হাজার অ্যাপার্টমেন্ট সংস্কার হচ্ছে
নগরীর তীব্র আবাসন সমস্যার আশু সমাধানে নগরীর ৬২ হাজার অ্যাপার্টমেন্ট স্থায়ীভাবে সংস্কার করা হবে। মেয়র বিল ডি ব্লাজিওর উদ্যোগে নিউইয়র্কের আবাসন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১ হাজার ৩০০ কোটি ডলার ব্যয়ে ৬২০০০ অ্যাপার্টমেন্ট স্থায়ীভাবে সংস্কার করা হবে।
সংস্কার কার্যক্রমের শুরুতে সাশ্রয়ী ভাড়ার আওতায় যেসব অ্যাপার্টমেন্ট রয়েছে সেগুলোসহ আটটি সেকশনে তালিকাভুক্ত ইউনিটগুলোর মেরামতকাজ আগে শুরু হবে। প্রতিটি ইউনিটের নতুন জানালা প্রতিস্থাপন, বাথরুম ও রান্নাঘর আধুনিকীকরণসহ বয়লার স্থাপনের মতো সব সংস্কার সম্পন্নের জন্য মোট ব্যয় ধরা হয়েছে আনুমানিক ১ হাজার ৩০০ কোটি ডলার।
এই ব্যাপক সংস্কারকাজ পরিচালিত হবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে। এর সঙ্গে যুক্ত রয়েছে ভাড়া সহায়তা প্রদর্শন কার্যক্রম। মেয়র ডি ব্লাজিওর মতে, ‘প্রাপ্ত এ সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারলে এক যুগেরও বেশি সময় ধরে পুঞ্জীভূত এ ধরনের সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমি আশা করছি। এতে সরকারি আবাসন প্রকল্পের ১০ হাজার বাসিন্দা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।’
এ বিষয়ে সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দা অ্যানিটা ব্যারি বলেন, ‘অধিকাংশ বাসাই বসবাস অনুপযোগী। এ ধরনের বিরূপ ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে নিজেদের মানুষ ভাবাটাই কষ্টকর। আমরা আশা করছি সিটি মেয়রের গৃহীত এই পদক্ষেপে বসবাস উপযোগী অ্যাপার্টমেন্ট পাব।’