৬৫০ ফুট মাটির নিচে লবণ জাদুঘর

৬৫০ ফুট মাটির নিচে সল্ট মিউজিয়াম বা লবণ জাদুঘর! আমেরিকার কানসাস অঙ্গরাজ্যের হাসিনটন শহরের মাটির নিচে পাহাড়সম এই লবণ পাথরের জাদুঘর। হাজার বছর আগে এ পাহাড়সম লবণ পাহাড়ের সন্ধান মেলে।
ঐতিহাসিকদের মতে, একসময় এ জায়গায় সাগর ছিল, প্রাকৃতিক কারণে সাগর জল জমাট বেঁধে এই লবণ পাথরের সৃষ্টি হয়েছে। প্রায় চার মাইল এলাকা জুড়ে তৈরি লবণ রাজ্যের এক বিশাল এলাকাকে লবণ জাদুঘরে রূপান্তর করা হয়েছিল।
১৯২৩ সালে পৃথিবীর প্রথম বৈদ্যুতিক গতির সাহায্যে ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এর মধ্য দিয়ে লবণ পাহাড়ে আঁকাবাঁকা পথ সৃষ্টি করে জাদুঘর বানানো হয়েছিল। ধাপে-ধাপে এই জাদুঘরের পুরো কাজ শেষ হয় ২০০৭ সালের ১ মে। সেই থেকে কানসাস ভূগর্ভস্থ লবণ জাদুঘর নামে পরিচিতি লাভ করে এ জাদুঘর।
পৃথিবীর স্থলভাগ থেকে ৬৫০ ফুট মাটির নিচে এই জাদুঘরের অবস্থান। ঐতিহাসিকদের মতে, প্যালিজোয়িক, মেসোজোয়িক ও সেনোজোয়িক যুগে এ রক-সল্টের উৎপত্তি। প্রাথমিক পর্যায়ে দ্য ক্যারি সল্ট কোম্পানি এই জাদুঘরের কাজ সম্পন্ন করে। পরে এর মালিকানায় আসে হাসিনটন সল্ট কোম্পানি। প্রতি বছর ৫০০ হাজার টন সল্ট পাথর খনন করা হয়ে থাকে।
এই জাদুঘর দেখতে প্রতিদিন আমেরিকাসহ পৃথিবীর নানা প্রান্ত থেকে শত শত পর্যটক ছুটে আসেন। ডাবলডেকার লিফটে করে ১৯ সেকেন্ডে ৬৫০ ফুট মাটির নিচে জাদুঘরে নামানো হয়। লিফটের দরজা খোলার সঙ্গে সঙ্গে হাস্যোজ্জ্বল তরুণী পর্যটকদের নিয়ে যান গাইডের কাছে। তিনি পর্যটকদের কীভাবে এ জাদুঘর দেখানো হবে তার সুস্পষ্ট নির্দেশনা দিয়ে থাকেন। ১৫ মিনিট ট্রেনে ভ্রমণসহ ৩০ মিনিটের যাত্রা সেখানে। এ যেন ব্ল্যাকহোলে ভ্রমণ। স্টেশনে পাঁচ মিনিট অপেক্ষার পর ডার্ক রাইডার ট্রেনে চেপে সুনসান ভুতুড়ে পরিবেশে একের পর এক ১০টি স্পটে থেমে ঐতিহাসিক নিদর্শনগুলো দেখানো হয়। এতে রয়েছে জাদুঘরের একাংশে ৪০০ ফুট সংরক্ষিত এলাকায় সংরক্ষণ করা হয়েছে দশ লক্ষাধিক ছবি, তথ্যসহ ঐতিহাসিক দালিলিক গুরুত্বপূর্ণ তথ্য। কোনো কারণে পৃথিবীর বুকে প্রাকৃতিক দুর্যোগ নেমে এলেও তা সংরক্ষিত থাকবে। এ ছাড়া শত বছর আগে এই লবণ জাদুঘর উদ্ধার প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি রয়েছে। এর মধ্যে পৃথিবীর প্রথম বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে বিস্ফোরিত ডিনামাইট বক্স, নিউক্লিয়ার ডাস্ট, রকি সল্ট কাটতে ড্রিল মেশিনের ব্যবহার, লবণ সরানোর কাজে ব্যবহৃত মালবাহী রেলগাড়ি। ঘোরাফেরার একপর্যায়ে পাঁচ মিনিটের লবণ পাথর সংগ্রহের পর্যটকদের সময় দেওয়া হয়।
বিনোদনের জন্য রয়েছে আলোকোজ্জ্বল স্যুভেনির স্টল। এখানে রক স্টল দিয়ে তৈরি শোপিচ, টিশার্ট, চকলেটসহ নানা পদের পণ্য রয়েছে।
এ ছাড়া বিশাল অন্ধকার এলাকায় পর্যটকদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন ও বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে। প্রচলিত ধারণা রয়েছে, এ রকি সল্ট ব্ল্যাক হোলে যদি কোনো চর্মরোগী একবার প্রবেশ করেছেন, তাঁর চর্মরোগ চলে যায়। গাইড কেরি বলেন, অনেক পর্যটক তাদের এমন তথ্য জানিয়েছেন।
জানা যায়, আমেরিকায় মোট ১৪টি লবণ জাদুঘর রয়েছে। এর মধ্যে একমাত্র কানসাস লবণ জাদুঘর পর্যটকদের জন্য উন্মুক্ত। এ ছাড়া পোল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আরও দুটি লবণ জাদুঘর রয়েছে। এদিকে আমেরিকা মহাদেশে নানা বিষয়ে তথ্য সমৃদ্ধ ছোট-বড় সব মিলিয়ে ৩৫ হাজার জাদুঘর রয়েছে।