৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ
আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসে ৭ মার্চ এ সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাছিব মামুন, হাজি এনাম, কৃষিবিদ আশরাফুজ্জামান, মো. সোলায়মান আলী, মাহবুবুর রহমান টুকু, মুজিবুর রহমান মিঞা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, আলী গজনবী, এন আমিন, মোর্শেদা জামান প্রমুখ।

সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেশে ও প্রবাসে প্রচার করা সব প্রবাসী মুজিব অনুসারীদের পবিত্র দায়িত্ব বলে আমি মনে করি। এ ভাষণের অপর নাম “স্বাধীন বাংলাদেশ”। আর কয়েক দিন পরই পালিত হবে জাতির পিতার জন্মশতবার্ষিকী। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মুজিব বর্ষ উদ্‌যাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।’

আলোচনা সভায় বক্তারা বলেন, মার্চ মাস বাঙালি জাতির ইতিহাসের একটা বিশাল অংশ জুড়ে আছে। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। জাতির পিতার এই ভাষণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বও সেদিন থেকে শুরু হয়। বঙ্গবন্ধুর ভাষণে দেওয়া নির্দেশেই সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নয় মাস মরণপণ যুদ্ধ করে বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে।