৭৭ বছর পর একই কারণে নিউইয়র্কে কারফিউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরে ১ জুন রাত ১১টা থেকে কারফিউ জারি করা হয়েছে। এর আগে ১৯৪৩ সালে নগরীর হারলেম এলাকায় এক কৃষ্ণাঙ্গ যুবক শ্বেতাঙ্গ পুলিশ কর্তৃক নিগৃহীত হওয়ার অভিযোগে এমনটি হয়েছিল। এই সময়ে যে কারফিউ ঘোষিত হলো, তা কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে জড়ো হওয়া মানুষকে প্রতিহত করতে। জর্জ ফ্লয়েডকে হত্যা করেছেন এক শ্বেতাঙ্গ পুলিশ।
ইতিহাস থেকে জানা যায়, ১৯৪৩ সালের ১ ও ২ আগস্ট নিউইয়র্ক নগরীর হারলেমে এক জাতিগত দাঙ্গা হয়েছিল। একজন সাদা পুলিশ কর্মকর্তা জেমস কলিন্স আফ্রিকান-আমেরিকান সৈনিক রবার্ট ব্যান্ডিকে গুলি করে আহত করার পর ১৯৪৩ সালের হারলেম দাঙ্গা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সে সময় কারফিউ জারি করা হয়।
২০২০ সালের ১ জুন, আবারও কালো আমেরিকানকে হত্যার প্রতিবাদের জড়ো হওয়া মানুষকে দমানোর জন্য কারফিউর মুখোমুখি হলো নিউইয়র্ক। গত ৭৭ বছরে নিউইয়র্ক সিটি এমনকি আমেরিকার কোথাও কিছুই পরিবর্তন হয়নি।
আমেরিকায় কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবৈষম্য এবং সহিংসতার ইতিহাস বেশ পুরোনো। দেশটির জন্মলগ্ন থেকেই বলা যায় কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবৈষম্য চলে আসছে। নিজেদের অধিকার আদায়ের জন্য কৃষ্ণাঙ্গরা ব্যাপক প্রতিবাদ সংগ্রাম চালানোর পরও পুলিশি নির্যাতনসহ নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছে তারা।
বর্ণবিদ্বেষী পুলিশের অত্যাচার নিয়ে সরব হলেও আটলান্টাসহ গোটা দেশের প্রতিবাদীদের অহিংস পথে থাকারই আরজি জানিয়েছেন প্রবাদ প্রতিম মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের ছোট মেয়ে বার্নিস কিং। যদিও তরুণদের উত্তাল আন্দোলন করোনা-ভীতি মানছে না। জনতার বাঁধভাঙা বিক্ষোভে উত্তাল এখন আমেরিকা।