৮ লাখ তরুণের কী হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএসিএ প্রকল্প বাতিলের প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
ডিএসিএ প্রকল্প বাতিলের প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ

‘ড্রিমার’ নামে খ্যাত অনিবন্ধিত তরুণ অভিবাসীদের জন্য কঠোর আইন প্রণয়নের প্রস্তাব করেছেন আমেরিকান কংগ্রেসের রিপাবলিকান প্রতিনিধিরা। বারাক ওবামা প্রশাসনের সময় ড্রিমারদের জন্য ডিএসিএ নামে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিছুদিন আগে প্রকল্পটি বাতিল করে এ বিষয়ে একটি নতুন আইন করার আদেশ দেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছয় মাসের মধ্যে এ আইন করার নির্দেশনা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে রিপাবলিকান সিনেটররা ড্রিমারদের বিষয়ে কঠোর আইন করার প্রস্তাব দিয়েছেন।
বর্তমানে আমেরিকায় প্রায় ৮ লাখ তরুণ অভিবাসী ডিএসিএ প্রকল্পের আওতায় রয়েছে। এ প্রকল্পের আওতায় শৈশবে আমেরিকায় পাড়ি দেওয়া এবং সেখানেই বেড়ে ওঠা তরুণ অভিবাসীরা শিক্ষা, চাকরিসহ বেশ কিছু সুবিধা পেতেন। চলতি মাসের শুরুতে প্রকল্পটি বাতিল করে এ বিষয়ে একটি নতুন আইন করার জন্য ছয় মাস সময় বেঁধে দেন ট্রাম্প। প্রকল্পটি বাতিল করার কারণে আগামী বছরের মার্চের পর তারা কেউ আর কোনো বিশেষ সুবিধা পাবেন না। ফলে তাদের জন্য অপেক্ষা করে আছে এক অনিশ্চিত ভবিষ্যৎ।
এ বিষয়ে এরই মধ্যে একটি আইনের প্রস্তাব করেছেন দুই রিপাবলিকান সিনেটর থম টিল্লিস ও জেমস ল্যাংকফোর্ড। তাদের প্রস্তাব গৃহীত হলে ড্রিমাররা আগামী ১৫ বছর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। এ ছাড়া তাদের প্রস্তাবে সুবিধাপ্রাপ্ত ড্রিমারদের সংখ্যা কমিয়ে আনার কথাও বলা হয়েছে।
এর আগে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকেও এ বিষয়ে একটি আইনের প্রস্তাব করা হয়েছিল। স্বাভাবিকভাবেই ওই প্রস্তাবটি ছিল ড্রিমারদের জন্য অনুকূল। স্বয়ং প্রেসিডেন্টেরও ওই প্রস্তাবের প্রতি কিছুটা সমর্থন ছিল। কিন্তু তিনি এ ক্ষেত্রে কিছু নিরাপত্তা সতর্কতা যুক্ত করতে চেয়েছিলেন। ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার ও প্রতিনিধি পরিষদের সদস্য ন্যান্সি পেলোসি এ নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেছিলেন। সে সময় রয়টার্সকে তাঁরা জানিয়েছিলেন, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে। আট বছর পর ড্রিমারদের নাগরিকত্ব দেওয়ার পথ তৈরির বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে।
কিন্তু এর চেয়ে দুই রিপাবলিকান সিনেটরের দেওয়া প্রস্তাব ড্রিমারদের জন্য অনেক বেশি রূঢ়। এক সংবাদ সম্মেলনে সিনেটর ল্যাংকফোর্ড বলেন, সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে ড্রিমার বিষয়ে আমার দীর্ঘ ফোনালাপ হয়েছে। তিনি আমাদের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। এটিকেই তিনি সঠিক পথ হিসেবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন।
সব মিলিয়ে ড্রিমারদের নিয়ে নতুন আইন প্রণয়নের মৌল ভিত্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন ডেমোক্র্যাট নেতা। বার্তা সংস্থা রয়টার্সকে তাঁরা বলেন, ‘ড্রিমার আইনের মূলনীতি কী হবে তা আমরা জানতে চাই। এ বিষয়ে হোয়াইট হাউসের দিক থেকে একটি দিকনির্দেশনার জন্য আমরা অপেক্ষা করছি।’
তবে ড্রিমার ইস্যুতে দুই দলই একটি ঐকমত্যে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে। কারণ নির্বাচনী প্রচারের সময় অভিবাসনবিরোধী বক্তব্য দিলেও ড্রিমারদের সুরক্ষার ইচ্ছার কথা সম্প্রতি ট্রাম্প নিজেই বলেছেন। আর এতেই আশার আলো দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।