৯ হাজার কর্মীকে ৫ দিন বিনা বেতন কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরীতে বেতন ছাড়া কর্মীদের সংখ্যা বেড়েছে। অর্থ সংকটের কারণে নগরীর প্রায় ৯ হাজার কর্মকর্তাকে পাঁচ দিন বেতন ছাড়া কাজ করতে হবে। নগরীর মেয়র বিল ডি ব্লাজিও জানিয়েছেন, ইউনিয়নের সদস্য নন এমন কর্মকর্তা পর্যায়ের নগর কর্মীরা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে পাঁচ দিনের জন্য বিনা বেতনে ছুটিতে যাবেন।

গত সপ্তাহে নিউইয়র্ক নগরীর মেয়র বিল ডি ব্লাজিও তিনি নিজেসহ তাঁর অফিসের কর্মীদের পাঁচ দিনের কর্মহীনে যাওয়ার কথা জানিয়েছিলেন।

২২ সেপ্টেম্বর মেয়র বলেছেন, এখন নগরীর কর্মকর্তা পর্যায়ে সব কর্মীদেরই এমন কর্মহীনতায় যেতে হবে। এ প্রয়াসের কারণে অর্থ সংকটে থাকা নিউইয়র্ক নগরী ২১ মিলিয়ন ডলার অর্থ সাশ্রয় করতে পারবে। নিউইয়র্ক নগরীর বাজেটে এখন ৯ বিলিয়ন ডলারের ঘাটতি আছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত নগরীর ২০২১ সালের বাজেট থেকে সাত বিলিয়ন ডলার এর মধ্যেই কর্তন করা হয়েছে।

মেয়র ব্লাজিও বলেছেন, বিষয়টি খুবই দুঃখজনক। এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। এ নিয়ে লেবার ইউনিয়নের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত অর্থের জোগান নিয়েও কথা হচ্ছে। ফেডারেল সরকারের পক্ষ থেকেও প্রণোদনা পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।