৯/১১-এর পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯/১১ এর টুইন টাওয়ারে হামলা। ছবি: রয়টার্স
৯/১১ এর টুইন টাওয়ারে হামলা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন, টাইমস স্কয়ার ও সাবওয়ে সিস্টেমসহ নিউইয়র্কে হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) এক এজেন্ট। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেন, এই হামলার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে একজন এবং পাকিস্তান ও ফিলিপাইন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নামে ওই হামলা চালানোর ষড়যন্ত্র করছিলেন। তাঁদের একজন বলেন, তিনি ৯/১১-এর মতো আরেকটি ঘটনার জন্ম দিতে চেয়েছিলেন।

কর্মকর্তারা বলেন, সন্দেহভাজন ওই তিন ব্যক্তি হামলার পরিকল্পনায় কথোপকথনের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। এফবিআইয়ের এক এজেন্টের সহায়তায় গত বছর ওই হামলা পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়। ওই এজেন্ট আইএসের একজন সমর্থক সেজে ওই তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। গতকাল শুক্রবার কৌঁসুলিরা মামলার বিষয়টি প্রকাশ করার পরিপ্রেক্ষিতে ওই ষড়যন্ত্রের বিস্তারিত প্রকাশিত হয়।

গতকাল পুলিশ ওই তিনজনকে অভিযুক্ত করার কথা ঘোষণা দেয় পুলিশ। তারা হলেন আবদুলরহমান (১৯), তালহা হারুন (১৯) ও রাসেল সালিক (৩৭)। কানাডার নাগরিক আবদুলরহমানকে নিউইয়র্ক থেকে, তালহা হারুনকে পাকিস্তান থেকে ও রাসেল সালিককে ফিলিপাইন থেকে গ্রেপ্তার করা হয়। তালহা হারুন পাকিস্তান বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

আবদুলরহমান ২০১৬ সালের মে মাসে গ্রেপ্তার হন। গত অক্টোবরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাতটি মামলায় অভিযুক্ত আবদুল রহমান রায়ের অপেক্ষায় রয়েছেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানে গ্রেপ্তার হন তালহা হরুন আর রাসেল সালিক গ্রেপ্তার হন এপ্রিলে। যুক্তরাষ্ট্রের কাছে দুজনকেই হস্তান্তরের কথা রয়েছে।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ‘টাইমস স্কয়ার ও নিউইয়র্কের সাবওয়ে সিস্টেমে বোমা বিস্ফোরণ ঘটানো এবং কনসার্টে গুলি করে বেসামরিক লোকদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল।’

আবদুলরহমান এফবিআইয়ের এজেন্টকে টাইমস স্কয়ারের একটি ছবি পাঠিয়ে বলেন, এখানে হামলা চালাতে ‘আমাদের একটি গাড়ি বোমার অত্যন্ত প্রয়োজন।’ তিনি পরবর্তী ৯/১১-এর মতো ঘটনার জন্ম দিতে চেয়েছিলেন। আর তালহা হারুন এজেন্টকে সাবওয়েতে হামলা চালানোর কথা বলেছিলেন। আর রাসেল সালিক একজন ‘চিকিৎসক’ হিসেবে পরিচিত। তিনি হামলায় প্রায় ৪২৩ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছিলেন এবং আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।