৯/১১-এর সেই অভিজ্ঞতা যেন করোনায়

করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এই ভাইরাসের কাছে মানুষ যেন অসহায়। এ যেন সবার জন্য অদৃশ্য এক হুমকি। যেকোনো সময় যেকেউ এর শিকার হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ৯/১-এর সেই আতঙ্কের দিনগুলোই যেন ফিরিয়ে এনেছে করোনা।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত কায়সার ফ্যামিলি ফাউন্ডেশনের এক জরিপ অনুসারে, যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে এই ভাইরাস।
করোনাভাইরাসের কারণে শুধু স্বাস্থ্য খাতই নয়, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রও হয়ে পড়েছে অনিশ্চিত। এ অবস্থায় একদল মনোবিদ মানুষকে মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা করছেন।
ফিলাডেলফিয়ার মনোবিদ সোনিয়া লট এএফপিকে বলেন, ‘মানুষ চরম উদ্বেগে দিন কাটাচ্ছে। এ রকম পরিস্থিতিতে আমরা আগে কখনো পড়িনি। এই ভয় অজানা অনিশ্চয়তার ভয়।’
এই মনোবিদ বলেন, ‘৯/১১–এর সময় যুক্তরাষ্ট্রের জনগণের ভয়াবহ অভিজ্ঞতার সঙ্গে এই পরিস্থিতির মিল রয়েছে। এমনকি তখনো আমরা বাড়িতে গিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আশ্বস্ত হতে পারতাম। এখন বাড়িতে থাকলেও আমরা কেউ কাউকে জড়িয়ে ধরতে পারি না।’
ক্যালিফোর্নিয়া অ্যাসোসিয়েশন অব ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি থেরাপিস্টের ক্লিনিক্যাল অ্যাফেয়ার্সবিষয়ক ব্যবস্থাপনা পরিচালক হলি ড্যানিয়েলস বলেন, ‘যাদের সহায়তা দরকার, তাদের আমরা খুঁজছি। এই সংস্থায় মানসিক স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৩২ হাজার ড্যানিয়েলস বলেন, হটলাইনে আত্মহত্যার প্রবণতা নিয়ে বেশি ফোন আসছে। তবে এ বিষয়ে এখনো সঠিক পরিসংখ্যান নেই।’
ড্যানিয়েলস বলেন, করোনাভাইরাস থেকে বাঁচার উপায় হলো ঘরে থাকা। তবে অনেকের জন্যই তাদের ঘর নিরাপদ নয়। আত্মহত্যার হার বেড়ে যাচ্ছে, কারণ মানুষ একা তাদের বাড়িতে থাকছে। অনেকেই আইসোলেশনে থাকছে। এই পরিস্থিতি তাদের জন্য নিরাপদ নয়।
ড্যানিয়েলস আরও বলেন, যারা মানসিকভাবে দুর্বল, তাদের বিশেষ যত্ন নিচ্ছেন মনোবিদেরা।
মনোবিদ লট বলেন, ‘আমি মানুষকে বাস্তবতার কাছাকাছি থেকে ইতিবাচকভাবে ভাবতে বলি। যেমন আমার কাছে খাবার আছে। আমার প্রিয়জন নিরাপদে আছে। এই দুঃসময়েও আমার চাকরি আছে।’
মনোবিদেরা বলছেন, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা নিয়ে আতঙ্কজনক খবরগুলো কম দেখাও মানসিক প্রশান্তি দেবে।
মনোবিদ ড্যানিয়েলস বলেন, করোনার এই দুঃসময়েও ইতিবাচক কিছু দিক আছে। সেটা হলো মানুষ এখন বেশি অনুভূতিশীল।
ক্যালিফোর্নিয়ার টিন থেরাপি সেন্টারের মনোবিদ কেন্ট টোসেন্ট বলেন, করোনা নিয়ে বয়স্কদের মধ্যে উদ্বেগ বেশি। তবে কম বয়সীরা এই পরিস্থিতি তুলনামূলক ভালোভাবে মোকাবিলা করতে পারছে। বেশির ভাগ শিশু ও তরুণ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে ভেবে উদ্বিগ্ন নয়। বরং এটি তাদের দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলছে, সেটি নিয়ে ভাবছে।
কিশোর-কিশোরীরা বাসায় থেকে কিছুটা বিরক্ত। তবে তুলনামূলক কম বয়সী শিশুরা মা-বাবা বাসায় থাকায় আনন্দিত। তারা মা-বাবার সঙ্গে বেশি সময় কাটাতে পারছে। এই দুঃসময়েও কিছু পরিবারের জন্য পরিস্থিতি অনেকটা ইতিবাচক।