৯/১১ হামলার গোপন নথি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯/১১) সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারীদের সঙ্গে সৌদি আরবের যোগসূত্র ছিল, এমন একটি গোপন নথি প্রকাশ করেছে মার্কিন কংগ্রেস। যদিও এ বিষয়ে বস্তুনিষ্ঠ কোনো প্রমাণ হাজির করা হয়নি, তবু সন্দেহের তির সৌদি আরবের দিকেই।

ডয়েচে বেলের সংবাদে বলা হয়েছে, হামলাকারীদের যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে বসবাস করতে যাঁরা সহায়তা করেছিলেন, তাঁদের নাম উঠে এসেছে এই নথিতে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় যে ১৯ জন মুসলিম চরমপন্থী অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি আরবের নাগরিক।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) বিভিন্ন নথির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৯/১১ হামলাকারীদের কয়েকজন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পৃথকভাবে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। উদাহরণস্বরূপ, একটি সন্দেহভাজন সৌদি গোয়েন্দা সংস্থা ক্যালিফোর্নিয়ায় দুই সন্ত্রাসীর সঙ্গে সাক্ষাৎ করে এবং তাদের সহায়তা করে বলে ধারণা করা হচ্ছে।

১৩ বছরেরও বেশি সময় ধরে জনসাধারণের কাছে গোপন রাখার পর গতকাল শুক্রবার ওই প্রতিবেদনের শেষ ২৮ পৃষ্ঠা প্রকাশ করা হলো।
সন্দেহজনক কূটনৈতিক যোগাযোগ
অন্য এক তথ্যে বলা হয় যে হামলার কয়েক দিন আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হামলাকারীদের একজনের সঙ্গে একই সময়ে ভার্জিনিয়া হোটেলে ছিলেন। ১১ সেপ্টেম্বর হামলার পর যদিও তিনি বলেছিলেন যে সন্ত্রাসীদের তিনি চেনেন না। তবে এফবিআই এজেন্টদের বিশ্বাস, তিনি প্রতারণা করেছেন। সন্দেহভাজন হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থতার ভান ধরে তিনি হাসপাতালে ভর্তি হন। পরবর্তী সময়ে এফবিআইয়ের কর্মকর্তারা আবার তাঁর সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলেও তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যান।
পরে ২০০২ সালে মার্কিন কর্মকর্তারা আল-কায়েদার প্রধান আবু জোবায়দার ফোনবুক থেকে কলোরাডোর একটি কোম্পানির নম্বর পান। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ওই সময়ে ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী প্রিন্স বন্দর (বিন সুলতান) কলোরাডো বাসভবনের বিষয়ে দেখভালের দায়িত্ব ছিল কোম্পানিটির। সে সময় ওসামা বিন লাদেনের ভাইদের মধ্য থেকে একজন সৌদি দূতাবাসে কাজ করতেন বলেও গোয়েন্দা ইঙ্গিত রয়েছে।
আল-কায়েদা পরিচালিত সৌদি এজেন্সি
শুক্রবার জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় জানায়, চুক্তি অনুযায়ী নথি প্রকাশের মানে এই নয় যে গোয়েন্দা সংস্থাগুলো এর সঙ্গে একমত বা প্রদত্ত তথ্যগুলো সব সঠিক। এতে আরও বলা হয় যে কথিত গোয়েন্দা কর্মকর্তার কাজটি সত্যিই কঠিন ছিল। তবে গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানে কোনো নির্দেশিত তথ্য নেই। কর্মকর্তারা বলেন, অনেক সৌদি সংস্থায় ওসামা বিন লাদেনের সহযোগীদের অনুপ্রবেশ ঘটেছে।

পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ এই নথিটি গোপন রাখার আদেশ দেওয়ার প্রায় এক দশক পর, দুই বছর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের নির্দেশ দেন। মার্কিন গোয়েন্দা সংস্থার উৎস সূত্র ও কর্মপদ্ধতির গোপনীয়তা রক্ষার জন্য বুশ প্রশাসনের এমন সিদ্ধান্ত ছিল।

তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, কথিত নথির সবকিছুই অপ্রমাণিত।