
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (৯/১১) সন্ত্রাসী হামলার জন্য আল-কায়েদাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছিল সৌদি আরবের রাজপরিবার। ওই হামলার ষড়যন্ত্রকারী হিসেবে যুক্তরাষ্ট্রে কারাবন্দী জাকারিয়াস মৌসাওয়ি এ দাবি করেছেন।
টুইন টাওয়ারে হামলার পরিকল্পনার জন্য ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত মৌসাওয়িকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তিনি বর্তমানে কলোরাডোতে কারাবন্দী রয়েছেন। তিনি গত বছরের অক্টোবরে টুইন টাওয়ারে হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের পক্ষের আইনজীবীদের কাছে সাক্ষ্য দেন। মামলাটি বাদ দেওয়ার বিষয়ে সৌদি আরবের দেওয়া প্রস্তাবের প্রতিক্রিয়ায় ওই বিবৃতি আদালতে দাখিল করার পর তা প্রকাশিত হলো।
তবে মৌসাওয়িকে ‘বিকৃত মস্তিষ্কের অপরাধী’ অভিহিত করে সৌদি আরব বলেছে, তাঁর বক্তব্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সৌদি আরব কয়েক দফায় মামলাটি বাদ দেওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালিয়েছে।
কঠোর নিরাপত্তায় ‘সুপারম্যাক্স’ কারাগারে এক কারাবন্দী মৌসাওয়ির দুর্লভ একটি সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে মৌসাওয়ি বলেন, সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল আল সউদসহ দেশটির ‘তুমুল জনপ্রিয়’ কর্মকর্তারা ১৯৯০-এর দশকের শেষের দিক থেকে আল-কায়েদাকে তহবিলের জোগান দিতে থাকেন।
মৌসাওয়ি দাবি করেন, তিনি আফগানিস্তানে মার্কিন দূতাবাসে কর্মরত এক সৌদি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁরা দুজন এয়ারফোর্স ওয়ানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য উপযুক্ত স্থান নির্বাচনের জন্য ওয়াশিংটনে যাওয়ার সংকল্প করেন।
সত্য বলার শপথ নিয়ে মৌসাওয়ি এসব দাবি করলেও তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করা হয়নি। টুইন টাওয়ারে হামলার কয়েক সপ্তাহ আগে অভিবাসন-সংক্রান্ত অনিয়মের অভিযোগে মৌসাওয়িকে গ্রেপ্তার করা হয়। টুইন টাওয়ারে হামলার সময় তিনি কারাগারে ছিলেন। মৌসাওয়ি মিনেসোটাতে উড়োজাহাজ চালনার প্রশিক্ষণ নেন। আল-কায়েদার সঙ্গে যুক্ত এক ব্যক্তি তাঁকে অর্থও পাঠায়।